২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দেশের প্রথম আন্তর্জাতিক মেরিন প্রদর্শনী

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো-২০১৮’ (বাইমক্স) শীর্ষক তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে চট্টগ্রামে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2018, 09:37 PM

Updated : 11 Oct 2022, 12:36 PM

বৃহস্পতিবার বন্দর নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জাহাজ নির্মাণ শিল্প, মেরিটাইম ইঞ্জিনিয়ারিং, অফশোর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, শিপ ব্রেকিং ইকুইপমেন্ট, বন্দর এবং বন্দর সম্পর্কিত বিভিন্ন লজিস্টিক ও প্রযুক্তিগত বিষয় নিয়ে এই আন্তর্জাতিক প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে।

প্রদর্শনীতে ১৪টি দেশের ১৬০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে নিজেদের পণ্য নিয়ে।

প্রদর্শনীতে অংশ নেওয়া জেকসন ইন্টারন্যাশনাল লিমিটেডের বিক্রয় নির্বাহী মোহাম্মদ সিরাজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “বিশ্বখ্যাত কামিনস ব্র্যান্ডের মেরিন প্রপালশন ইঞ্জিন ও মেরিন জেনারেটর নিয়ে আমরা মেলায় অংশ নিচ্ছি।”

পাশের বাংলা ট্র্যাক লিমিটেডের স্টলে প্রর্দশিত হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ক্যাটারপিলারের উৎপাদিত মেরিন প্রপালশন ইঞ্জিন, জেনারেটর, বিভিন্ন ধরনের ড্রেজার এবং জাহাজ তৈরির নানা উপকরণ।

প্রতিষ্ঠানটির মেরিন সেলস বিভাগের প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পানি উন্নয়ন বোর্ড এবং বিডব্লিউটিএতে আমরা বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করি।

“জাহাজ নির্মাণ শিল্পের প্রয়োজনীয় যন্ত্রাংশ ও খননযন্ত্র নিয়ে মেলায় অংশ নিচ্ছি।”

জার্মান ব্র্যান্ড ‘ম্যান ইঞ্জিন’র পণ্য নিয়ে মেলায় অংশ নিয়েছে আরেক প্রতিষ্ঠান সেলেসটিয়াল টেক।

প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান সেভ্যর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশে এককভাবে মেরিটাইম খাতের এটাই প্রথম প্রদর্শনী।

“জাহাজ ভাঙ্গা শিল্প দিয়ে বিশ্বে বাংলাদেশের পরিচয় হলেও এখন জাহাজ নির্মাণ শিল্পে অনেক কাজ হচ্ছে। ব্লু ইকোনমি নিয়ে বাংলাদেশে কাজ ‍শুরু হয়েছে। তাই ভবিষ্যত বাংলাদেশে মেরিন ইন্ড্রাস্ট্রি অনেক বড় সম্ভাবনার একটি খাত।”

“এ খাতে পশ্চাৎ শিল্প গড়ে উঠতে শুরু করেছে। তাই দেশীয় উদ্যোক্তাদের সাথে বিদেশি উদ্যোক্তাদের পরিচয় ঘটিয়ে দিতেই এ আয়োজন”, বলেন তিনি।

চট্টগ্রামের প্রতিষ্ঠান ওশেন ইলেকট্রিক্যাল লিমিটেড তৈরি করছে জাহাজের সুইচ বোর্ড ও ডিস্ট্রিবিউশন প্যাকেজ, এলার্ম মনিটরিং সিস্টেম, উইল হাউস কনসোল, ব্যাটারি চার্জার, ডবল ইঞ্জিন টেলিগ্রাম এবং নেভিগেশন লাইট কন্ট্রোল প্যানেল।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এএসএম আরিফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশীয় প্রায় ১৮টি জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান আমাদের গ্রাহক।

“আমাদের পণ্য বিদেশ থেকে আমদানি করা পণ্যের চেয়ে সুলভ। বিদেশি গ্রাহকদের আকৃষ্ট করতেই মেলায় অংশগ্রহণ।”

নৌবাহিনীর প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড লিমিটেডের কর্মকর্তা লেফটেনেন্ট এএসএম ফাহাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশে নৌবাহিনী, কোস্টগার্ড এবং বিজিবির চাহিদা আমরা পূরণ করছি।

“মেরিটাইম খাতে আমাদের অবদান দেশি-বিদেশি ‍উদ্যোক্তাদের জানাতেই মেলায় আসা।”

খুলনা শিপইয়ার্ডের স্টলে তাদের প্রস্তুত করা ১৬টি জাহাজের রেপ্লিকা রাখা আছে।

দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি প্রদর্শনীতে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চীন, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

এরমধ্যে আছে জাহাজ ও ডেকের সরঞ্জাম প্রস্তুতকারী সিঙ্গাপুরের ওশেনিক মেরিন প্রাইভেট লিমিটেড, জাহাজের আসবাব প্রস্তুতকারী চীনের জুন ইনসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

এছাড়া দেশীয় একিউ শিপ বির্ল্ডাস, আলম মেরিন শিপ বিল্ডার্স লিমিটেড এবং বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন, মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মাসুক হাসান আহমেদ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি বদরুল আলম খান, খুলনা শিপ ইয়ার্ড লিমিটেডের এমডি আনিসুর রহমান মোল্লা প্রমুখ।

দর্শনার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকেট ছাড়াই মেলা ঘুরে দেখতে পারবেন।