২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আসকার দীঘির পাড়ে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

চট্টগ্রাম নগরীর আসকার দীঘির পাড়ে অগ্নিকাণ্ডে একজন মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2018, 09:02 PM

Updated : 19 Aug 2022, 02:33 PM

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আসকার দীঘির পশ্চিম পাড়ে লোকনাথ মন্দির সংলগ্ন বস্তিতে আগুন লাগে।

অগ্নিকাণ্ডে নিহত অরুণ চক্রবর্তী (৬০) লোকনাথ মন্দিরের হিসাব রক্ষক ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল উদ্দিন ভুইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লোকনাথ মন্দিরের ভেতরে আটকা পড়ে ধোঁয়ায় দমবন্ধ হয়ে অরুণ চক্রবর্তী মারা যান।”

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ব্যক্তি ধোঁয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)  হাসপাতালে পাঠানো হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ৯টার দিকে উনাকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

Image
চট্টগ্রাম শহরের আসকার দিঘী এলাকার মন্দির সংলগ্ন বস্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় আগুনে পুড়ে যায় বেশ কিছু দোকান ও কাঁচা ঘর। ছবি: সুমন বাবু

চট্টগ্রাম শহরের আসকার দিঘী এলাকার মন্দির সংলগ্ন বস্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় আগুনে পুড়ে যায় বেশ কিছু দোকান ও কাঁচা ঘর। ছবি: সুমন বাবু

ফায়ার সার্ভিস কর্মকর্তা কামাল জানান, বাহিনীর ১১টি গাড়ি দুই ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন পুরোপুরি নেভায়।

আগুনের উৎস ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু তিনি জানাতে পারেননি।

ওসি মহসিন জানান, আগুনে লোকনাথ মন্দির প্রাঙ্গণে থাকা সাত-আটটি পরিবারের ঘর ভস্মীভূত হয়েছে।