২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় ১৮ বছর আগে চট্টগ্রামের ফটিকছড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2018, 04:10 PM

Updated : 19 Aug 2022, 02:33 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুন্সী আব্দুল মজিদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত আনোয়ার উল্লাহ ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার কালাকুম গ্রামের বাদশা মিয়ার ছেলে। রায় ঘোষণার পর তাকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়।

এ আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত জেলা পিপি বি কে বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিবেশী এক নারীকে বিয়ে করতে আগ্রহী ছিলেন আনোয়ার উল্লাহ।

“সেই বিয়েতে অনুমতি না দেওয়ায় আট মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রী লায়লা বেগমকে তিনি হত্যা করেন। ৩০২ ধারায় আনা হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন।”

পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

আইনজীবী বি কে বিশ্বাস বলেন, “ঘটনার সময় লাশের পাশে বিষের বোতল রেখে দিয়ে এটিকে বিষপানে আত্মহত্যা প্রমাণের চেষ্টা করেন আসামি। সাফাই সাক্ষীরাও আদালতে বিষ পানের বিষয়ে বক্তব্য দেন। কিন্তু ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে ও পিটিয়ে হত্যার বিষয়টি উঠে আসে।”

মামলার এজাহার থেকে জানা যায়, ২০০০ সালের ২২ এপ্রিল রাতে লায়লা বেগমকে হাত-পায়ে রশি বেঁধে গলায় রশি পেঁচিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। পরে লায়লার বাবা কামাল উল্লাহ বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা করেন।

২০০১ সালের ২৭ জানুয়ারি পুলিশ এ মামলায় অভিযোগপত্র দেওয়ার পর ২০০১ সালের ৮ জুন অভিযোগ গঠন করে আদালত।

রাষ্ট্রপক্ষে ১২ জন এবং আসামি পক্ষে পাঁচ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করল।