চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকালে বায়েজিদ বোস্তামী থানার ছিন্নমূল গেইটের নূর নবী শাহ মাজার গেইট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আল আমীন ওরফে সাগর (৩৩) জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকার ছয় নম্বর সমাজের বাসিন্দা।
বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) প্রিটন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আল আমীনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী, সীতাকুণ্ড, হাটহাজারী থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র ও চাঁদাবাজিসহ ছয়টি মামলা আছে।
“বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে দুইটি এক নলা বন্দুক, একটি পাইপগান ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়।”
গ্রেপ্তার আল আমীন ছিন্নমূল এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত বলে পুলিশ পরিদর্শক প্রিটন জানান।
