পরিবেশ দূষণ: কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা
ইটিপি ছাড়া কারখানা পরিচালনা করে পরিবেশের দূষণ ঘটানোয় একটি কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার শুনানির পর নাসিরাবাদ পশ্চিম ষোলশহর এলাকার আনরাজ ফিস প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের হিসাব রক্ষণ কর্মকর্তা খন্দকার মো. তাহাজ্জুত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাড়পত্র ছাড়া ১৯৮৪ সাল থেকে প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে আসছিল।
“কারখানাটিতে ইটিপি (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) নেই। তরল বর্জ্য নিঃসরণ করে এটি পরিবেশের ক্ষতিসাধন করছিল।”
মঙ্গলবার শুনানি শেষে অধিদপ্তরের মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক প্রতিষ্ঠানটিকে দুই লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন।
কারখানাটিকে এক মাসের মধ্যে ইটিপি নির্মাণ করে পরিবেশ ছাড়পত্র নিতে বলা হয়েছে। তা না হলে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হবে বলে শুনানিতে সতর্ক করা হয়।
