শাহ আমানতে মালিকহীন ব্যাগে ১৩টি সোনার বার
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মালিকবিহীন একটি ব্যাগ থেকে ১৩টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে দোহা থেকে চট্টগ্রামমুখী ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে ওই ব্যাগটি আসে বলে বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মাহবুবুর রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকালে স্ক্যানিংয়ের সময় ব্যাগটিতে সন্দেহজনক কিছু ধরা পড়ে। মালিক না পাওয়ায় বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে ব্যাগটি খোলা হয়।
“এতে থাকা ব্যাটারির চার্জারের ভেতরে বিশেষ কায়দায় রাখা ১৩টি সোনার বারের সন্ধান মেলে।”
জব্দ করা সোনার বারের আনুমানিক ওজন দেড় কেজি এবং মূল্য ৬৫ লাখ টাকা বলে জানান তিনি।
