২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে বসে ছক, বেরিয়ে ডাকাতির প্রস্তুতির সময় ধরা

কারাগারে বসেই ডাকাতির পরিকল্পনা সাজিয়েছিলেন তারা।  সেই অনুযায়ী অস্ত্রশস্ত্র নিয়ে সবাই জড়োও হয়েছিলেন। কিন্তু পুলিশের জালে আটকা পড়ায় পরিকল্পনা আর বাস্তবায়ন করা সম্ভব হয়নি। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2018, 06:14 PM

Updated : 19 Aug 2022, 02:32 PM

‘ডাকাতির প্রস্তুতি’ নেওয়ার সময় ছয় যুবককে গ্রেপ্তারের পুলিশ বলছে, বিভিন্ন মামলার খরচ চালাতেই তারা ডাকাতি করতে চেয়েছিল।

নগরীর সদরঘাট থানার সাহেবপাড়া কলাবাগান মাঠ থেকে তাদের রোববার রাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা- ফোরকান (২২), আমির হোসেন (২৪), রনি (২১), ফরিদ ওরফে বুলু (২১), নূর জামাল (২১) ও এমরান ওরফে সজল (১৯)।

তাদের মধ্যে গ্রেপ্তার ফোরকান, আমির ও রনি হত্যা মামলার আসামি বলে জানিয়েছেন সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন।

বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকমকে তিনি জানান, গ্রেপ্তার ছয়জনই বিভিন্ন মামলায় কারাগারে ছিল। একই থানায় তাদের বিরুদ্ধে মামলা ও কাছাকাছি বাসা হওয়ায় তাদের মধ্যে কারাগারে সখ্যতা গড়ে উঠে।

“২০১৬ সালের ৭ এপ্রিল সাহেব পাড়ায় ইদ্রিস নামে এক যুবক খুন হয়। সে মামলার তদন্তে ফোরকান ও আমিরের সম্পৃক্ততা পাওয়া যায়। গ্রেপ্তারের পর তারা ওই মামলায় স্বীকারোক্তি দিয়েছিল। তাদের নামে অভিযোগপত্রও দেওয়া হয়।”

এছাড়া রনি গত ২৩ ফেব্রুয়ারি সদরঘাট জুঁই কমিউনিটি সেন্টারের সামনে ক্রিকেট খেলার বিরোধে খুন হওয়া ইব্রাহীম হত্যা মামলার অন্যতম আসামি বলে জানান তিনি।

সদরঘাট থানার কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাটে অধিপত্য বিস্তারের বিভিন্ন সংঘর্ষে ইন্ধন ও নেতৃত্ব দেন ফোরকান, আমিরসহ তাদের কয়েকজন সহযোগী। ঘাটের শ্রমিক বিরোধে বিভিন্ন সময়ে তারা কোনো কোনো পক্ষের হয়ে সংঘর্ষেও জড়ান।

সদরঘাট থানার ওসি নেজাম বলেন, “জামিনে বের হয়ে তারা মাঝিরঘাট এলাকার নিয়ন্ত্রণ ও ঘাট শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টির চেষ্টায় ছিল। পাশাপাশি একজন শ্রমিক নেতাকেও হত্যার পরিকল্পনা করেছিল বলে আমাদের কাছে তথ্য আসে।

“শ্রমিক নেতাকে খুনের পরিকল্পনা থাকায় তাদের ওপর আমরা নজর রাখি। রোববার রাতে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে কলাবাগান মাঠে তাদের জড়ো হওয়ার খবর আসে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।”

ওসি জানান, গ্রেপ্তার ফোরকান ও আমিরের সঙ্গে কারাগারে রনির পরিচয় হয়।

তিনি বলেন, গ্রেপ্তাররা জানিয়েছে, তাদের বিরুদ্ধে হত্যাসহ আগের কিছু মামলা আছে। ওইসব মামলা চালাতে তাদের হিমশিম খেতে হয়। সেসব মামলা চালানোর টাকা জোগাড় করতে ডাকাতি কিংবা বড় কোনো চুরির পরিকল্পনা করেছিল কারাগারে।

“সরকারি ছুটিতে অনেকে বাড়ি গেছে কিংবা দোকান বা অফিস বন্ধ রেখেছে। পরিকল্পনা অনুযায়ী তারা এই সময়েই ডাকাতির প্রস্তুতি নিয়েছিল।”