এক শিশুর রডের আঘাতে আরেক শিশুর মৃত্যু
চট্টগ্রামে লোহাগাড়ার এক হেফজখানায় ঘুম থেকে ডেকে তোলা নিয়ে বিতণ্ডার জেরে এক শিশুর লোহার রডের আঘাতে মারা গেছে আরেকটি শিশু।
বৃহস্পতিবার ভোরে লোহাগাড়া উপজেলার কলাউজানে শাহ আমজাদিয়া হেফজখানায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত শিশুর নাম মোহাম্মদ মিজান (১০)। সে বকেই উপজেলার উত্তর কলাউজানের মোহাম্মদ ইসহাকের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হেফজখানায় একজন আরেকজনকে লোহার রড দিয়ে আঘাত করলে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মিজানের মৃত্যু হয়।”
হেফজখানার পরিচালকের ছেলে মাকসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে ফজর নামাজের আগে ঘুম থেকে উঠতে মিজান ঘুমন্ত অন্য শিশুটিকে ডাক দেয়। এতে সে না উঠলে তার মুখে পানি ছোড়ে। তখন অন্য শিশুটি ঘুম থেকে উঠে রেগে লোহার একটি বস্তু দিয়ে মিজানকে আঘাত করে।
যোগাযোগ করলে লোহাগাড়া থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “ঘটনা শুনলেও রাত ৮টা পর্যন্ত কেউ আমাদের অভিযোগ করেনি। সেকারণে এ বিষয়ে আমরা বিস্তারিতও জানি না।”
