হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৭ বছর আগে প্রতিবেশীকে হত্যার মামলায় একজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।
মঙ্গলবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুন্সি মো. আবদুল মজিদ এ রায় দেন।
দণ্ডিত মো. শফিউল আজম রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত জেলা পিপি মো. লোকমান হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
“পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের সাজা দিয়েছেন।”
২০০১ সালের ২৬ মার্চ আনোয়ারা উপজেলার বোয়ালিয়া এলাকায় খুন হয়েছিলেন মকবুল আহমেদ।
“এ নিয়ে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।”
মামলার নথি থেকে জানা যায়, ঘটনার দিন রাত নয়টার দিকে বাড়ির পাশে মসজিদে এশার নামাজ পড়ছিলেন মকবুল আহমদ।
সে সময় কিরিচ হাতে মসজিদে ঢুকে পেছন থেকে মকবুলের ঘাড়ে কোপ দেন শফিউল আজম। ঘটনাস্থলেই মকবুল মারা যান।
আইনজীবী লোকমান হোসেন চৌধুরী বলেন, “রক্তাক্ত কিরিচ হাতে মসজিদের দরজায় শিকল লাগিয়ে বের হয়ে নিজ ঘরে শফিউল আজমকে প্রবেশ করতে দেখেন মকবুলের স্ত্রী মনোয়ারা বেগম।
“এরপর শফিউল নিজের ঘরে দরজা বন্ধ করে অবস্থান নেন। পুলিশ গিয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে।”
ঘটনার পর দিন শফিউল আজমকে আসামি করে মনোয়ারা বেগম হত্যা মামলা করেন।
ওই মামলায় ২০০১ সালের ১০ নভেম্বর অভিযোগপত্র দেয় পুলিশ। অভিযোগ গঠন করা হয় ২০০৬ সালের ৩ এপ্রিল।
এ মামলায় ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত রায় দেয়।
