২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে হামলায় যুবলীগকর্মী দুই ভাই নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় শোক দিবস উপলক্ষে এক সভার পর মহাসড়কে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন দুই ভাই।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2018, 10:25 PM

Updated : 19 Aug 2022, 02:30 PM

নিহত রমজান আলী (৩৫) ও সিজন আলী (২৫) আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন তার সঙ্গীরা।

সোমবার রাত ৮টার এই হামলার পর রমজান ও তার ছোট ভাই সিজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল।

রমজানকে চিকিৎসকরা দেখে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে সিজনের মৃত্যু হয় বলে চমেক পুলিশ ফাঁড়ির এসআই শিলব্রত বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, একটি সভা শেষে মোটর সাইকেলে যাওয়ার সময় হামলার মুখে পড়েন রমজান ও সুজন। দুজনের দেহে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

জাতীয় শোক দিবস উপলক্ষে সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সভা ছিল বিকালে। ওই সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম।

Image
এই সভা থেকে ফেরার পথেই খুন হন রমজান আলী ও তার ভাই সিজন আলী

এই সভা থেকে ফেরার পথেই খুন হন রমজান আলী ও তার ভাই সিজন আলী

Image
এই সভা থেকে ফেরার পথেই খুন হন রমজান আলী ও তার ভাই সিজন আলী

এই সভা থেকে ফেরার পথেই খুন হন রমজান আলী ও তার ভাই সিজন আলী

ওই সভা শেষে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে হামলার মুখে পড়েন এমপি দিদারের অনুসারী রমজান। মোটর সাইকেলে মোট তিনজন ছিলেন। তৃতীয়জন মো. মোবারক অক্ষত রয়েছেন।

মোবারক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বাড়িতে ফিরছিলাম। বড় দারোগা হাটে মহাসড়কে ওজন স্কেলে মোটর সাইকেল স্লো করলে একদল সন্ত্রাসী আমাদের উপর হামলা চালায়।”

রমজান ও সিজনের বাড়ি বড় দারোগা হাটের মহালঙ্গায়, তাদের বাবার নাম নুরুল আবসার।

আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে এই হামলা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মসিউদ্দৌলা রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিপক্ষ গ্রুপের লোকজন এই হামলা করেছে বলে আমরা ধারণা করছি।”

তিনি আরও জানান, রমজানের বিরুদ্ধে পুলিশের উপর হামলাসহ নানা অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।