ত্রিপুরা পল্লীর রোগাক্রান্ত ৪ শিশুর রক্তে হামের ভাইরাস
হাটহাজারীর উদালিয়ার ত্রিপুরা পল্লীর রোগাক্রান্ত চার শিশুর রক্তের নমুনা পরীক্ষায় হামের ভাইরাস পাওয়ার প্রাথমিক প্রমাণ মিলেছে।
ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরীক্ষায় সোমবার হামের ভাইরাস প্রাথমিকভাবে শনাক্তের প্রমাণ মিলেছে বলে জানান চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রোববার ত্রিপুরা পল্লীর শিশুদের রোগে আক্রান্ত হওয়ার সংবাদের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছয় শিশুর রক্তের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।
“এদের মধ্যে চারজনের রক্তে হামের ভাইরাস থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে।”
রোববার সকালে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ২ নম্বর পশ্চিম উদালিয়া ওয়ার্ডের সোনাইরকূল ত্রিপুরাপল্লীতে শিশুদের রোগাক্রান্ত হবার কথা জানতে পারে প্রশাসন। যাদের শরীরে জ্বরের পাশাপাশি শ্বাসকষ্ট এবং র্যাশের চিহ্ন রয়েছে।
এ ঘটনার পর রোববার হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই এলাকার অসুস্থ ২২ শিশু ভর্তি হয়।
সোমবার সন্ধ্যা পর্যন্ত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ এবং ফৌজদারহাটের বিআইটিআইডিতে তিনজন ভর্তি আছে।
“ত্রিপুরা পল্লীতে প্রাথমিকভাবে ৭০ জনের মতো শিশু শনাক্ত করা হয়েছে যাদের হামের ভ্যাকসিন দেওয়া হবে।’’
সোমবার ঢাকার আইইডিসিআরের প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে অসুস্থ শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেছে বলে সিভিল সার্জন জানান।
