চট্টগ্রামে দুই ছিনতাইকারী গ্রেপ্তার
চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ছিনতাই করে পালানোর সময় দুজনকে ধাওয়া করে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর মেরিনার্স রোড থেকে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মাহমুদুল ইসলাম (৩০) ও মো. শাহজাহান (৩৮)।
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সন্ধ্যায় এক কলেজছাত্র বাস থেকে নেমে শাহ আমানত ব্রিজ এলাকায় অপেক্ষা করছিল। এসময় এক যুবক তার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
“এসময় ছিনতাইকারীরা অপর এক যুবককে পুলিশ পরিচয় দিয়ে কোতোয়ালি থানায় যাবার কথা বলে জোর করে সিএনজি অটো রিকশায় তুলে মেরিনার্স রোডের দিকে চলে যায়।”
ওসি প্রণব বলেন, ওই কলেজছাত্র অটো রিকশার নম্বরটি টুকে নিয়ে দৌড়ে গিয়ে ঘটনাটি সেখানে দায়িত্বরত পুলিশকে জানায়। তখন পুলিশ ধাওয়া করে মেরিনার্স রোড থেকে সিএনজি অটো রিকশাটি আটক করে অপর যুবককে উদ্ধার করে।”
ওসি জানান, পুলিশ ধাওয়া করে অটো রিকশাটি আটক করার পর সেখানে থাকা এক ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়। অটো রিকশা চালক শাহজাহান ও মাহমুদুলকে গ্রেপ্তার করে এবং দুইজনের কাছ থেকে ছিনতাই করা মোবাইল সেট ও একটি ছুরি উদ্ধার করা হয়।
এই ঘটনায় কলেজ ছাত্র আলী রমজান বাদি হয়ে তিনজনকে আসামি করে বাকলিয়া থানায় একটি মামলা করেছে বলে জানান ওসি প্রণব।
