মোটর সাইকেলের পেছন থেকে ছিটকে পড়লেন আরোহী
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চলন্ত মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে মারা গেছেন এক যুবক।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার রাণীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাঙামটি থেকে মোটর সাইকেলে করে আসার পথে পেছনের আরোহী মেহেদী হাসান (৩১) ছিটকে পড়ে মারা যান বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।
খুলনা সদরের মোহাম্মদীয়া পাড়ার শওকত আলীর ছেলে মেহেদী আগ্রাবাদের লালবাগ এলাকায় থাকতেন।
তিনি মোবাইল ফোন কোম্পানি রবি’তে চাকরি করতেন।
এএসআই শীলব্রত জানান, মেহেদী অফিসের কাজ শেষে মোটর সাইকেলে করে চট্টগ্রাম ফিরছিলেন। চলন্ত অবস্থায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
বিকাল সাড়ে চারটার দিকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
