চট্টগ্রামে যত্রতত্র পশু জবাই
চট্টগ্রামে কোরবানির পশু জবাইয়ের জন্য সিটি করপোরেশন ৩৭০টি স্থান নির্ধারণ করে দিলেও তাতে সাড়া দেয়নি নগরবাসী; নিজেদের পছন্দমত জায়গায় যত্রতত্র পশু কোরবানি হয়েছে ঈদের দিন।
বুধবার সকাল থেকে নগরীর এনায়েত বাজার, জুবিলি রোড, জামালখান, চেরাগী পাহাড়, চকবাজার, কদমতলী, মুরাদপুর, বহদ্দারহাটসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে এ চিত্র।
এসব এলাকার বাসিন্দাদের অধিকাংশকে বাড়ির আঙ্গিনায়, ফ্ল্যাট বাড়ির গাড়ি পার্কিংয়ে এবং অলি-গলিতে পশু জবাই দিয়ে চামড়া ছাড়াতে এবং মাংস কাটতে দেখা যায়।
বাংলাদেশের অন্যান্য এলাকার মত চট্টগ্রামেও ঈদ জামাতের পরপরই বিভিন্ন আবাসিক এলাকা ও পাড়া-মহল্লায় কোরবানি পশু জবাই শুরু হয়।
সিটি করপোরেশেনের নির্ধারিত জায়গায় পশু জবাই না করার কারণ জানতে চাইলে মুরাদপুর এলাকার সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিটি করপোরেশনের নির্ধারিত স্থানটি একটু দূরে। সেখানে গরু নিয়ে যাওয়া এবং কোরবানির পর মাংস নিয়ে আসতে কষ্ট হবে। তাই বাড়ির কাছেই কোরবানি দিয়েছি।”
এদিকে যত্রতত্র পশু জবাই হলেও দুপুরের মধ্যেই ৬০ শতাংশ বর্জ্য অপসারণ করতে পারার দাবি করেছে নগর কর্তৃপক্ষ।
অধিকাংশ মানুষ নির্ধারিত স্থানে না গেলেও নির্ধারিত স্থানে পশু জবাইয়ের প্রবণতা আগের চেয়ে ‘বাড়ায়’ সন্তোষ প্রকাশ করেনে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন।
তিনি বলেন, “এবার নির্ধারিত স্থানে পশু কোরবানির হার গতবারের চেয়ে বেড়েছে। আশা করি আগামী বছর আরো বাড়বে।”
শৈবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিজেদের বাড়ি-ঘরের সামনে এবং গলিতে যারা পশু জবাই দিচ্ছেন তারা ‘নিজ দায়িত্বে’ পানি দিয়ে সেসব স্থান পরিষ্কার করছেন।
“পাশাপাশি নিজেরাই বর্জ্য পলিথিনে মুড়ে রাখছেন, যাতে পরিচ্ছন্নতা কর্মীদের তা সংগ্রহ করা সহজ হচ্ছে।”
এ সিটির ২৪৮টি গাড়ি নিয়ে প্রায় পাঁচ হাজার পরিচ্ছন্নতাকর্মী বর্জ্য অপসারণে কাজ করছেন জানিয়ে তিনি বলেন, “বেলা ১টা পর্যন্ত প্রায় ৬০ শতাংশ বর্জ্য অপসারণ হয়েছে। বিকালে ৪টার মধ্যে বাকিগুলোও অপসারণ হওয়ার কথা।”
বৃহস্পতিবার আর শুক্রবারও নগরীতে যেসব পশু কোরবানি হবে, তার বর্জ্যও দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করা হবে বলে আশ্বাস দেন শৈবাল।
