২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দেড় কোটি টাকার ‘চোরাই কাঠ’ আটক

চট্টগ্রামে দেড় কোটি টাকার ‘চোরাই কাঠসহ’ তিনটি ট্রাক আটক করেছে র‌্যাব; গ্রেপ্তার করা হয়েছে নয়জনকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2018, 08:29 PM

Updated : 11 Oct 2022, 12:33 PM

বৃহস্পতিবার সকালে হাটহাজারি উপজেলার নাজিরহাট নতুন রাস্তা থেকে ট্রাকগুলো আটক করা হয় বলে র‌্যাব-৭ এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তার নয়জন হলেন- মো. ইমন (২০), আসিফ হোসেন (১৯), মামুন শিকদার (৩২), ইকবাল হোসেন (৩১), বেলাল হোসেন (৩৫), ইয়াছিন হোসেন (১৯), মংতু মারাম (৩৪), আব্দুস সাত্তার (৩১) ও জাকির হোসেন (২৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাগড়াছড়ির মানিকছড়ি থেকে চোরাই কাঠ নিয়ে তিনটি ট্রাক চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারে আসছে খবর পেয়ে র‌্যাবের একটি দল নাজিরহাট নতুন রাস্তার সামনে চেকপোস্ট বসায়।

চেকপোস্ট দেখে ট্রাক রাস্তার পাশে রেখে ফেলে পালানোর সময় নয়জনকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি করে তিন ট্রাক থেকে এক হাজার ৯১৪ দশমিক ৬৪ ঘনফুট চোরাই কাঠ উদ্ধার করা হয়।

র‌্যাব বলছে, উদ্ধার করা কাঠের বাজারমূল্য আনুমানিক এক কোটি ৫০ লাখ টাকা। সরকারি বাগান থেকে চুরি করা ওই কাঠ বিক্রির জন্য চট্টগ্রামে আনা হাচ্ছিল।