২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৬১০০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী সেতু এলাকা এবং কাজীর দেউড়ি মোড় থেকে ৬১০০ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2018, 03:19 PM

Updated : 19 Aug 2022, 02:27 PM

গ্রেপ্তার তিনজন হলেন- মো. ফারুক (২০), ফরিদ আলম (২৫) ও আলী হোসেন (২৮)।

তাদের মধ্যে মো. ফারুক কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইকং এলাকার নুরুল ইসলামের ছেলে। আলী হোসেন একই এলাকার হাবিবুর রহমানের ছেলে। আর ফরিদ আলম টেকনাফের লেদা এলাকার জাফর আলমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে নগরীর কর্ণফুলী সেতু সংলগ্ন বশিরুজ্জামান চত্বর থেকে মো. ফারুককে তারা গ্রেপ্তার করেন।

“তার কাছে চার হাজার ইয়াবা পাওয়া যায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাজীর দেউড়ি মোড় থেকে আরও ২১০০ ইয়াবাসহ বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়।”

শামীম আহমেদ বলেন, ওই তিনজন টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানতে পেরেছেন।

ওই তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে জানান শামীম।