উসকানির অভিযোগ: রিমান্ডে চারজন
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে ফেইসবুকে উসকানির অভিযোগে গ্রেপ্তার চারজনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার চট্টগ্রামের মহানগর হাকিস সফি উদ্দিন এ আদেশ দেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুনানি শেষে আদালত প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
যাদের রিমান্ড হয়েছে তারা হলেন- ছাত্র ফেডারেশন চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সম্পাদক মারুফ হোসেন, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক আজিউর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ফিজিক্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমদাদুল হক আশিক ও মেট্রোপলিটন সায়েন্স কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল্লাহ আল শাহেদ।
সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গন থেকে মানববন্ধন কর্মসূচি উপলক্ষে ফেইসবুকে আহ্বানে জড়ো হওয়া নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।
তাদের মধ্যে চারজনের বিরুদ্ধে মঙ্গলবার তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করা হয়।
এছাড়া গ্রেপ্তার অপর পাঁচজনের বিরুদ্ধে মহানগর আইনে মামলা হয়েছে।
