১২ দিন এগিয়ে এনে চুয়েটে ঈদের ছুটি ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কর্তৃপক্ষ ঈদুল আজহার ছুটি ১২ দিন এগিয়ে এনে মঙ্গলবার থেকেই তা কার্যকর করেছে; ছুটি থাকবে আগামী ২৭ অগাস্ট পর্যন্ত।
ছাত্রদের মঙ্গলবার বিকাল পাঁচটা এবং ছাত্রীদের বুধবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে বিশইবদ্যালয়ের রেজিস্ট্রার ফারুকুজ্জামান চৌধুরী জানিয়েছেন।
সকালে চুয়েট উপচার্য মো. রফিকুল আলমের সভাপতিত্বে ডিন, পরিচালক, বিভাগীয় প্রধানদের নিয়ে সভায় ৭ থেকে ২৭ অগাস্ট পর্যন্ত বিশ্বদ্যিালয়ের সব কার্যক্রম ঈদুল আজহা উপলক্ষে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
রেজিস্ট্রার ফারুকুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো পরে নেওয়া হবে।
গত ১ অগাস্ট রেজিস্ট্রার স্বাক্ষরিত এক নোটিসে ১৯-২৭ অগাস্ট ঈদুল আজহার ছুটির কথা বলা হয়েছিল।
