পেয়ারা খাওয়া নিয়ে ঝগড়া, বাগানমালিকের ছুরিতে যুবক খুন
চট্টগ্রামের বাঁশখালীতে গাছ থেকে পেয়ারা পাড়া নিয়ে ঝগড়ার জেরে বাগান মালিকের ছুরিতে মারা গেছেন এক যুবক।
মঙ্গলবার সকালে উপজেলার কালীপুর ইউনিয়নের মধ্যম গুণাগুরি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত আবু খান (২০) ওই এলাকার মো. মোফাজ্জলের ছেলে।
বাঁশখালী থানার ওসি মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাছ থেকে পেয়েরা পেড়ে খাওয়া নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে আবুকে ছুরিকাঘাত করেন বাগানমালিক আক্কাস।
“চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান আবু।”
ওসি জানান, আবুসহ কয়েকজন সকালে গুণাগুরি এলাকায় একটি কালভার্টের রেলিংয়ে বসে গল্প করছিল। সে সময় আক্কাস সেখানে গিয়ে বাগান থেকে পেয়ারা পাড়ার অভিযোগ তোলেন আবুর বিরুদ্ধে।
“দুই জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুর পেটে ছুরি মারেন আক্কাস।”
আক্কাসকে ধরার চেষ্টা হচ্ছে বলে জানান ওসি সালাউদ্দিন।
