জামিন পেয়েছেন চবি শিক্ষক মাইদুল ইসলাম
ফেইসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে আইসিটি আইনে করা মামলায় হাই কোর্ট থেকে অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলাম।
সোমবার বিচারপতি ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ তাকে আট সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন দিয়েছে বলে জানিয়েছেন আইনজীবী হাসনাত কাইয়ূম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, অন্তবর্তীকালীন জামিন দিয়ে হাই কোর্ট তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছে।
কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেইসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে গত ২৩ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামের বিরুদ্ধে হাটহাজারি থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন সাবেক ছাত্রলীগ নেতা ইফতেখারুল ইসলাম।
কোট আন্দোলনকারীদের পক্ষে ফেইসবুকে পোস্ট দেওয়ায় মাইদুল ইসলাম এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক খ. আলী আর রাজীকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রলীগ।
তাদের চাকরিচ্যুত করার দাবি জানিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছিলেন ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি আলমগীর টিপু। স্মারকলিপির অভিযোগ খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
ছাত্রলীগ নেতাকর্মীদের হুমকির কারণে ক্যাম্পাস ছেড়ে নিরাপত্তা চেয়ে প্রক্টরের কাছে আবেদন জানিয়েছেন শিক্ষক মাইদুল।
