২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মী নিহত

চট্টগ্রামে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় ঠিকাদারী প্রতিষ্ঠানের এক সুপারভাইজার নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2018, 08:43 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

সোমবার বেলা ১২টার দিকে ইপিজেড থানাধীন আকমল আলী রোড সংলগ্ন বেড়িবাঁধে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) রিংরোড প্রকল্পের কাজে ব্যবহৃত বালুবাহী ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্বাস উদ্দিন (৪৫) নড়াইল সদরের তোলারামপুরের মৃত বারেক শিকদারের ছেলে।

ইপিজেড থানার এসআই গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আব্বাস রিংরোড প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মচারী। ট্রাকটি বালু ফেলে পেছন দিকে সরে গেলে চাপা পড়েন তিনি।

ঘটনার সময় আব্বাস মোবাইল ফোনে কথা বলছিলেন উল্লেখ করে তিনি বলেন, “মোবাইলে কথা বলার কারণে ট্রাকটি পেছন দিকে আসায় দেখতে পাননি।”

গুরুতর আহতাবস্থায় দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্বাসকে মৃত ঘোষণা করে বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।