বাকলিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের বাকলিয়ায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকালে নগরীর চান্দগাঁওয়ের স্বজন সুপার মার্কেট এলাকা থেকে আবুল কালাম আজাদ (৩২) নামের ওই ধর্ষককে গ্রেপ্তার করা হয় বলে জানান বাকলিয়া থানার এসআই শাহীন ভুইয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রোববার রাতে ১৭ বছর বয়সী ওই কিশোরী নগরীর পুরাতন চান্দগাঁও থানা এলাকার বাসা থেকে বাকলিয়ায় খালার বাসায় যাওয়ার পথে আজাদ তাকে ফুঁসলিয়ে বাকলিয়ার বলিরহাট এলাকায় নিয়ে যান।
এসআই শাহীন জানান, কিশোরীটি নগরীর চান্দগাঁও এলাকার একটি স্কুলে দশম শ্রেণিতে পড়েন। তার মা এলাকায় গৃহকর্মী হিসেবে কাজ করেন।
তাদের বাড়ি কুমিল্লায় হলেও থাকেন পুরাতন চান্দগাঁও থানা এলাকায়।
ধর্ষিত কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে বলে জানান এসআই শাহীন।
