২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সিপিবির কর্মসূচিতে ছাত্রলীগের ‘হামলা’

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে চট্টগ্রামে কমিউনিস্ট পার্টি আয়োজিত কর্মসূচিতে ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2018, 10:02 PM

Updated : 19 Aug 2022, 02:25 PM

শনিবার বিকালে নগরীর চেরাগী পাহাড় মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলা কমিটি এই সমাবেশ আয়োজন করে।

সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কানাই লাল দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমাবেশ চলাকালীন সময়ে চেরাগীর মোড়ে ছাত্রলীগের ১৫-২০ জন সদস্য বার বার এসে দ্রুত শেষ করার জন্য চাপ দিতে থাকে।

“আমরা সমাবেশ সংক্ষিপ্ত করে মিছিল নিয়ে আন্দরকিল্লা মোড়ে গেলে সেখানে জয় বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগের ছেলেরা হামলা করে এবং ব্যানার কেড়ে নেয়।”

হামলায় সিপিবি কোতয়ালী থানা কমিটির সভাপতি প্রদীপ ভট্টচার্যসহ তিনজন সামান্য আহত হন বলে দাবি করেন তিনি।   

তবে এ বিষয়ে জানতে ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের বক্তব্য পাওয়া যায়নি।

কোতয়ালী থানার এসআই বিকাশ শীল বলেন, “চেরাগী মোড়ে এ ধরনের সমাবেশ বা হামলার বিষয়ে আমদের কাছে কোন তথ্য নেই।”