চট্টগ্রামে বিক্ষোভের মধ্যে নির্বাহী হাকিমকে ঘেরাও
নিরাপদ সড়কের দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের মধ্যে ঘেরাওয়ের মধ্যে পড়েছিলেন জেলা প্রশাসনের এক নির্বাহী হাকিম।
শনিবার ওয়াসা মোড়ে যেখানে হাকিম সৈয়দ মোরাদ আলী ঘেরাওয়ের মুখে পড়েছিলেন; সেখানে শিক্ষার্থীরত শিক্ষার্থীদের কাছে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবিরের কিছু কর্মীর অবস্থানও দেখা গিয়েছিল।
মোরাদ আলী বলেছেন, তাকে উদ্দেশ্য করে অশ্রাব্য স্লোগান দেওয়া হলে প্রতিকূল পরিস্থিতিকে তিনি সেখান থেকে চলে আসেন।
দুপুরের পর ছাত্রলীগের নেতা-কর্মীরা ওয়াসা মোড় থেকে বিক্ষোভরতদের সরিয়ে দেয়।
গত কয়েক দিনের মতো শনিবার সকালে নিউ মার্কেট মোড়, বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেট এবং ওয়াসার মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।
সকাল ১০টার দিকে নিউ মার্কেট মোড় এলাকায় মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল, নাসিরাবাদ বয়েজ স্কুল ও সেন্ট প্লাসিডস স্কুলের শিক্ষার্থীরা জড়ো হয়। কিছুক্ষণ পর পুলিশ তাদের সরিয়ে দেয়।
বহদ্দারহাট ও মুরাদপুর এলাকায়ও অবস্থান নিয়ে গাড়ির কাগজপত্র পরীক্ষা করছিল শিক্ষার্থীরা।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জন চন্দ্র দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের বুঝিয়েছি সরকার নয় দফা দাবি মেনে নিয়েছে। সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করছে। এরপর তারা আস্তে আস্তে চলে গেছে।”
তবে অন্যান্য স্থান থেকে সরে যাওয়া শিক্ষার্থীরা ওয়াসার মোড় এলাকায় গিয়ে জড়ো হয়।
বিএএফ শাহীন কলেজ, ইস্পাহানি কলেজ, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম কলেজ, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ, বেসরকারি পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল মেডিকেল ও পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষার্থীরা সেখানে ছিলেন।
ওয়াসার মোড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি বড় অংশকে নগর ছাত্রলীগের নেতাকর্মীরা নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।
ছাত্রদল ও ছাত্রশিবিরের কিছু কর্মীও সেখানে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা গেছে।
পাশাপাশি বাম সংগঠনের নেতৃত্বে একদল শিক্ষার্থীও আলাদা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিল।
শিক্ষার্থীদের সড়ক থেকে তুলতে চেষ্টা করছিলেন নির্বাহী হাকিম মোরাদ আলী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুরুর দিকে তাদের বোঝাতে সক্ষম হই। পরে কিছু ছেলে পেছন থেকে এসে বলে- ‘তুই এক্সপেল করেছিলি না? তুই ভুয়া’।
“এরপর তারা আমার গাড়ি ঘিরে ফেলে এবং অকথ্য ভাষায় বিভিন্ন স্লোগান দেয়। আমার গাড়ির উপর অশ্রাব্য একটা স্লোগান লিখে দেয়। পরিস্থিতি বিবেচনায় সেখান থেকে চলে আসি।”
ওই অভিযানের নেতৃত্বে ছিলেন নির্বাহী হাকিম মোরাদ আলী। পরে এ ঘটনায় চট্টগ্রাম আইডিয়াল স্কুল এন্ড কলেজের পটিয়া ক্যাম্পাসের ২৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বেলা ১টার দিকে ওয়াসার মোড় দিয়ে মধ্যবয়সী এক মোটর সাইকেল আরোহী যাওয়ার সময় হেলমেট না থাকায় তাকে কান ধরিয়ে উঠ-বস করান শিক্ষার্থীরা। দেখে পুলিশ গিয়ে তাকে ছাড়িয়ে নেয়। আন্দোলনকারীদের কয়েকজনের কাছে কী কারণে আন্দোলন জানতে চাইলে তারা বলে, “নয় দফা দাবিতে।”
নয় দফা কী কী দাবি আছে- জানতে চাইলে এই শিক্ষার্থীরা তা বলতে পারেনি।
সরকার দাবি মানার ঘোষণা দিয়েছে- জানালে উত্তরে তারা বলে, বাস্তবায়ন করতে হবে, তা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
ওয়াসার মোড়ে বিভিন্ন দলে ভাগ হয়ে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা কিছুক্ষণ পরপর নানা রকম স্লোগান দিচ্ছিল। দুপুরে মাঝবয়সী কয়েকজন নারীকে খাবার নিয়ে আন্দোলনকারীদের খাইয়ে দিতে দেখা গেছে।
দুপুরের পর ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই স্থানটির নিয়ন্ত্রণ নিলে শিক্ষার্থীরা একে একে সরে যায়।
