আফসারুলের আসনে প্রার্থী হতে চান যুবলীগ নেতা বাচ্চু
আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু।
এই আসনে গত দুই জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও নগর আওয়ামী লীগ সহ-সভাপতি আফসারুল আমীন বিজয়ী হন।
মহিউদ্দিন বাচ্চু প্রয়াত নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
২০১৪ সাল পর্যন্ত নগরীতে বিলবোর্ড ব্যবসার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টাও ছিলেন মহিউদ্দন বাচ্চু।
চট্টগ্রাম-১০ আসনটি চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮ নম্বর শুলকবহর, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী, ১২ নম্বর সরাইপাড়া, ১৩ নম্বর পাহাড়তলি, ১৪ নম্বর লালখান বাজার, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ, ২৫ নম্বর রামপুর ও ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড নিয়ে গঠিত।
বুধবার দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় চট্টগ্রামে কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিকের সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়ে বাচ্চু আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহের কথা জানান।
তিনি বলেন, “দলের একটা লক্ষ্য আছে। সে লক্ষ্যে আমাদের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী দেশকে অনেকটাই এগিয়ে নিয়েছেন। তবে এর পুরোটা তৃণমূল পর্যন্ত তো পৌঁছাতে হবে।
“মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে আশা করি সে কাজটা যথাযথভাবে করতে পারব। কারণ তিন দশক আগে ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে আমার রাজনৈতিক জীবনের শুরু। সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তাই মানুষের চাহিদা বুঝে তাদের কাছে সেবা পৌঁছে দেওয়া আমার পক্ষে সহজতর হবে।”
এসময় তিনি এলাকায় নিজের বিভিন্ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন তিনি।
বাচ্চু বলেন, “দীর্ঘদিনের ছাত্র ও যুব রাজনীতিতে সমাজের জন্য যা কিছু কল্যাণকর তার সাথে থাকতে চেয়েছি। কিছু ভুল-ত্রুটি থাকতে পারে। তবে কখনও অন্যায়কে প্রশ্রয় দিইনি।”
নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু এই পদে গত পাঁচ বছর ধরে আছেন। এর আগে নগর ছাত্রলীগের নেতা ছিলেন। তিন দশকের বেশি সময় ধরে তিনি রাজনীতির মাঠে সক্রিয়।
চট্টগ্রাম-১০ আসনে ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সাংসদ হন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফসারুল আমীন।
দুইবারই এই পদে বিএনপির প্রার্থী ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
এই আসনে এবারও আফসারুল আমীন মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। তবে নগর আওয়ামী লীগের কর্মসূচিতে গত কয়েকবছর ধরে নিষ্ক্রিয় থাকায় দলীয় নেতাদের সমালোচনার মুখে আছেন তিনি।
এছাড়া নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ এবং প্রয়াত আওয়ামী লীগ নেতা এম এ আজিজের ছেলে সাইফুদ্দিন খালেদ বাহারও এ আসন থেকে মনোনয়ন পেতে আগ্রহী।
চট্টগ্রামের সাবেক মেয়র মনজুর আলমও এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইতে পারেন বলে নগরীর রাজনৈতিক মহলে জোর আলোচনা আছে।
এই আসনে দলের আরও মনোয়নপ্রত্যার্শী থাকার পরও তার আগ্রহের বিষয়ে জানতে চাইলে মহিউদ্দিন বাচ্চু বলেন, “রাজনীতি করলে সবারই প্রত্যাশা থাকতে পারে। সবাই যোগ্য। দল যাকে মনোনয়ন দেবে তিনিই নির্বাচন করবেন।”
২০১৩ সালের ৯ জুলাই মহিউদ্দিন বাচ্চুকে আহ্বায়ক এবং চারজনকে যুগ্ম আহ্বায়ক করে নগর যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এরপর গত কয়েক বছরে একাধিকবার নগর যুবলীগের নতুন কমিটি গঠনের তোড়জোড়ের কথা গণমাধ্যমে প্রকাশিত হলেও এখনও সংগঠনের পতাকা মহিউদ্দিন বাচ্চুর হাতেই।
