ভারতীয় শিক্ষার্থী আতিফ হত্যা মামলা ফের তদন্তের নির্দেশ
চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থী খুনের ঘটনায় তার স্বদেশী শিক্ষার্থী উইনসন সিংকে আসামি করে পিবিআইর দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেনি আদালত।
মঙ্গলবার চট্টগ্রামের মহানগর হাকিম আবু সালেম মো. নোমান এ আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিবিআইর দেওয়া অভিযোগপত্র আদালত গ্রহণ করেননি।
“ওই অভিযোগপত্রে হত্যার কারণ জানা যায়নি। তাই আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) মামলার অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন।”
সিআইডির এএসপি পদমর্যাদা বা এর ওপরের কোনো কর্মকর্তাকে দিয়ে মামলাটি তদন্ত করানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা কাজী সাহাবুদ্দিন আহমেদ।
গত ২২ জুলাই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ মামলায় অভিযোগপত্র জমা দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা সেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, ফরেনসিক প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগপত্রটি আদালতে জমা দেয়া হয়েছে।
তিনি বলেন, “হত্যাকাণ্ডটির কোনো প্রত্যক্ষদর্শী ছিল না এবং কেউ অপরাধ স্বীকার করে জবানবন্দিও দেয়নি। সেজন্য ক্রাইমসিন পর্যালোচনা করে ‘সায়েন্টিফিক তদন্তের’ আশ্রয় নিতে হয়েছে।”
ওই তদন্তের ভিত্তিতে নিহত শিক্ষার্থী আতিফ শেখের বন্ধু উইনসন সিংকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছিল।
নিহত মোহাম্মদ আতিফ শেখ (২৬)
তারা নগরীর আকবর শাহ থানার আব্দুল হামিদ সড়কের ছয় তলা একটি ভবনের পঞ্চম তলায় থাকতেন।
এদের মধ্যে আতিফ ধারালো অস্ত্রের আঘাতে খুন হন, আর উইনসন ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন বলে ঘটনার পর সহপাঠীর বরাত দিয়ে জানায় পুলিশ।
খুনের ঘটনার তিনদিন পর আতিফের বাবা আব্দুল খালেক আকবর শাহ থানায় মামলা করেন। তাতে সুনির্দিষ্ট কাউকে আসামি না করলেও আটজনকে সন্দেহের তালিকায় রাখেন তিনি।
এরপর পুলিশ আতিফের সহপাঠী ভারতীয় আরেক ছাত্র নিরাজ গুরুকে গ্রেপ্তার করে। আদালতে দেওয়া জবানবন্দিতে নিরাজ ঘটনা সম্পর্কে কিছুই জানেন না এবং রক্তাক্ত অবস্থায় আতিফকে ও আহত উইনসনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা জানান।
থানা পুলিশ থেকে পিবিআই মামলার তদন্তের দায়িত্ব নিয়ে কিছুদিন উইনসং সিংকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখায়।
তাকে দুই দফা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পরও কোনো তথ্য না পেয়ে আদালতের নির্দেশে চিকিৎসকের শরনাপন্ন হয়েছিলেন তদন্ত কর্মকর্তা। উইনসন সিং সেচ্ছায় মূল ঘটনা এড়িয়ে যাচ্ছে বলে মতামত দিয়েছিল আদালতের নির্দেশে গঠিত মেডিকেল বোর্ড।
চিকিৎসকের মতামত নিয়ে তৃতীয় দফায় রিমান্ডে এনেও কোনো তথ্য না পেয়ে ডিএনএ পরীক্ষার অবেদন করেন তদন্ত কর্মকর্তা।
আদালতের আদেশ পেয়ে গত ২১ জানুয়ারি কারাগারে আটক উইনসন সিং ও নিরাজ গুরুর ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় সিআইডি ডিএনএ ল্যাবে পাঠায় পিবিআই।
