৩ প্রতিষ্ঠানে গ্রিল কেটে টাকা চুরি
চট্টগ্রামে একটি জাতীয় দৈনিকের ব্যুরো অফিস ও আরও দুইটি প্রতিষ্ঠানের কার্যালয়ে জানালার গ্রিল কেটে টাকা চুরির ঘটনা ঘটেছে।
সোমবার গভীর রাতে নগরীর জুবিলি রোডের মান্নান ভবনের দ্বিতীয় তলায় দৈনিক জনকণ্ঠের চট্টগ্রাম ব্যুরো অফিস, এডিসান ও ক্রিসেন্ট কো-অপারেটিভ সোসাইটিতে এ চুরির ঘটনা ঘটে।
দৈনিক জনকণ্ঠের ডেপুটি এডিটর ও চট্টগ্রাম ব্যুরো প্রধান মোয়াজ্জেমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সোমবার রাতে অফিস বন্ধ করে চলে যাই।
“মঙ্গলবার সকালে অফিস খুলে জানালার গ্রিল কাটা এবং বিভিন্ন জিনিসপত্র তছনছ দেখি।”
ব্যুরো প্রধান ও সার্কুলেশন বিভাগের কর্মকর্তার ড্রয়ার থেকে ১০-১৫ হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি করেন তিনি।
অন্য দুই প্রতিষ্ঠান থেকে কত টাকা চুরি হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, “পুলিশ ঘটনাস্থলে গেছে।”
জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।
