উন্নয়ন চাইলে ভোগান্তি মানতে হবে: নাছির
উন্নয়ন প্রকল্পের কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিয়ে গণমাধ্যম বেশি সমালোচনামুখর অভিযোগ করে ভোগান্তি কমাতে সাংবাদিকদের কাছেই পরামর্শ চেয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
দায়িত্ব গ্রহণের তিন বছর পূর্তিতে ২০১৭-১৮ অর্থবছরে সম্পাদিত উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উন্নয়ন চাইলে ভোগান্তি মেনে নিতে হবে এবং তা না হলে সব উন্নয়ন বন্ধ করে দেওয়াই একমাত্র বিকল্প বলে মন্তব্য করেন আ জ ম নাছির।
সুধী সমাবেশে বক্তাদের একজন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার মন্তব্য করেন, কিছু গণমাধ্যমের মালিক ও সম্পাদক মেয়রের প্রতি ‘বিরূপ’।
প্রায় ২৩ মিনিটের বক্তব্যের অধিকাংশ সময় নাছির সাংবাদিকদের সমালোচনায় মুখর ছিলেন। তবে বক্তব্য শেষে তাকে চট্টগ্রাম সাংবাদিক নেতাদের সাথে হাসিমুখে কথা বলতে দেখা গেছে।
নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত সমাবেশে মেয়র নাছির বলেন, প্রধানমন্ত্রী অকাতরে দুই হাতে উন্নয়ন প্রকল্প দিয়ে চট্টগ্রামকে সহযোগিতা করে চলেছেন। কিন্তু আজকেও বেশ কয়েকটি স্থানীয় দৈনিকে নগরবাসীর ভোগান্তির কথা তুলে ধরা হয়েছে।
“সাংবাদিকবৃন্দকে অনুরোধ করব, সমস্যাগুলোকে চিহ্নিত করে সেটাকে বারেবারে প্রচার না করে এর যদি কোনো বিকল্প থাকে আপনারা সেটা তুলে ধরুন।
“সেটা তুলে ধরলে আমি, যারা প্রকল্প গ্রহণ করছে তারা এবং নগরবাসী উপকৃত হবে। একই বিষয় বারেবারে উত্থাপন করা হলে নগরবাসীর মধ্যে একধরনের বিভ্রান্তি তৈরি হবে। কাজের কাজ কোনো কিছু হবে না।
তিনি বলেন, “বিকল্প তো নাই। এখন রাস্তা না কেটে যদি প্রকল্প বাস্তবায়ন করা যায়, সেধরনের যদি কোনো উপায় থাকে… আমাদের জানা নাই। আপনাদের যদি জানা থাকে তাহলে আমাদের বলবেন। সে পদ্ধতি অনুসরণের চেষ্টা করব।”
মেয়র বলেন, “যা কিছু করা হচ্ছে এর সুফল দিনশেষে নগরবাসীই পাবে। এই যে সুয়ারেজ ব্যবস্থা নেই। যার কারণে নদী-খালগুলো দূষিত হয়ে যাচ্ছে। পরিবেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। এই সংবাদগুলো আপনারাই লেখেন।
“আবার সুয়ারেজ ব্যবস্থা বাস্তবায়ন হলে এখন যে খোঁড়াখুড়ি তার থেকে অনেক বেশি কাটতে হবে। বিশাল বিশাল করে রাস্তাঘাট কাটতে হবে। তখন আপনারা লিখবেন রাস্তা কেন কাটা হচ্ছে।”
নাছির বলেন, “কেজিডিসিএল, টিঅ্যান্ডটি, পিডিবি সবাই রাস্তা খোঁড়াখুড়ি করছে। তারা কাজ না করলে কিভাবে সুফল ভোগ করবেন? আমাদের প্রচণ্ড কষ্ট। নিজের বুকটা ছিঁড়ে যায়। কারণ অনেক কষ্ট করে রাস্তা করি। এই রাস্তাই আবার কাটার অনুমোদন দিতে হয়।”
তিনি বলেন, “সাংবাদিকদের সহযোগিতা ব্যতিত জনগণ উন্নয়নের অনুকূলে আসবে না। সন্তান যখন ভূমিষ্ট হয় তখন সব বেদনা মায়েরা ভুলে যান। উন্নয়নে ভোগান্তি থাকে। উন্নয়নের প্রসব বেদনা আছে। এটিকে কোনোভাবে অস্বীকার করতে পারব না।
“প্রধান সড়ক যেগুলোর উপর দিয়ে প্রকল্প সেখানে রাস্তা খোঁড়াখুড়ি করবে। আমার মেয়াদের মধ্যে সেই রাস্তাগুলো চলাচলের উপযোগী করতে পারব না। প্রতিটি প্রকল্প আলাদা মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রিত। একসাথে বাস্তবায়নের সুযোগ নেই। একটা হল- টোটালি সব উন্নয়ন বন্ধ করে দেওয়া। তাহলে একবছরের মধ্যে বিমান নামে এমন রাস্তা করে দিতে পারব। আরেকটা হলো ভোগান্তিটা মেনে নিতে হবে।”
বড় সাফল্য সততা
নিজের প্রধান নির্বাচনী এজেন্ডা জলাবদ্ধতা নিয়ে কোনো মন্তব্য না করে সততাই তার প্রধান সাফল্য বলে দাবি করেন মেয়র নাছির।
তিনি বলেন, “তিন বছর সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালন করেছি, সামনেও করব। কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি কেউ বলতে পারবে না। এটাই আমার সবচেয়ে বড় সাফল্য।”
সুধী সমাবেশে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সারওয়ার বলেন, “উদ্বেগের সাথে লক্ষ্য করছি চট্টগ্রামে দ্বৈত প্রশাসন চালু হয়েছে। বিশাল কর্মযজ্ঞে সিসিসি যে অর্থ পাওয়া দরকার তা কখনো পায়নি, এখনো পাচ্ছে না। ”
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল বলেন, “জনগণ কি চায় সেটি আমরা বলতে চাই। আমরা সমালোচক নই, আমরা আয়না।”
বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, “চট্টগ্রামে প্রাপ্তি ও প্রত্যাশার মাঝে দেয়াল এখনো আছে। এ দেয়াল আপনাকেই ভাঙ্গতে হবে।”
সমাবেশে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, প্রকৌশলী মো. হারুন, মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবুদ্দিন ও মো. মোজাফফর আহমেদ, জেলা আইনজীবী সমিতি সভাপতি ইফতেখার সাইমুল চৌধুরী ও বিএমএ নেতা ফয়সাল ইকবাল চৌধুরী বক্তব্য রাখেন।
