‘রবীন্দ্রনাথ-নজরুল ও সুকান্ত স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণা’
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে রবীন্দ্রনাথ-নজরুল ও সুকান্তের রচনা অনুপ্রেরণা জুগিয়েছে বলে মনে করেন সমাজবিজ্ঞানী অনুপম সেন।
শুক্রবার সন্ধ্যায় নগরীর নন্দনকাননে ফুলকি স্কুলে উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুপম সেন বলেন, “ভাষাবিদদের মতে প্রায় হাজার বছর ধরে বাংলা ভাষার বিকাশ, সংস্কৃতির বিকাশ। আমাদের জাতি ছিল কিন্তু জাতীয়তাবাদ গড়ে উঠেনি।
“মাত্র কয়েকজন সৈন্য নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশ দখল করে নিয়েছিল। কারণ আমাদের জাতীয়তাবাদ ছিল না। জনগণ ভেবেছে এক রাজা গেছে আরেক রাজা আসছে, আমাদের তাতে কি!”
তিনি বলেন, ঊনবিংশ শতাব্দীতে জাতীয়তাবাদের বিকাশের সাথেই এই উপমহাদেশে মুক্তির আন্দোলন গড়ে উঠে।
“আর আমরা যখন বুঝতে পারলাম তখন বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের জাতীয়তাবাদের আন্দোলন শুরু হয়। ছয় দফা ছিল অর্থনৈতিক মুক্তির সনদ। সেই যাত্রায় স্বাধীনতার মন্ত্রে অনুপ্রাণিত করেছিল রবীন্দ্রনাথ-নজরুল ও সুকান্তের রচনা।”
তিনি বলেন, “তিনজনই পরাধীন দেশে জন্ম নিয়েছিলেন। বলা হয় পরাধীন দেশে নবজাগরণ হয় না। কিন্তু তারা নবজাগরণ ঘটিয়েছিলেন।
“রবীন্দ্রনাথ তার রচনায় সাধারণ বঞ্চিত মানুষের কথা বলেছেন। নজরুল অগ্নিমশাল হাতে এসেছিলেন অগ্নিবীণা বাজাতে। তিনি বিদ্রোহী কবি। নজরুলকে মহাকবি স্বীকৃতি দিয়েছিলেন রবীন্দ্রনাথ।”
অনুপম সেন বলেন, “সুকান্তর রচনায় সমাজতন্ত্রের বাণী ধ্বনিত হয়েছে। অধিকার প্রতিষ্ঠায় মানুষকে প্রাণিত করতে এত অল্প বয়সে তিনি সক্ষম হয়েছেন। আমাদের স্বাধীনতা সংগ্রামে এই তিন কবিই বিরাট ভূমিকা রেখেছেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উদীচী জেলা সংসদের সভাপতি বেগম মুশতারি শফী বলেন, “উদীচী অসাম্প্রদায়িক চেতনায় মানুষকে অনুপ্রাণিত করেছে সবসময়। দেশের গণ্ডি ছাড়িয়ে উদীচীর কার্যক্রম বিশ্বে ছড়িয়ে পড়েছে।”
উদীচী জেলা সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক শীলা দাশগুপ্তার সঞ্চালনায় সঙ্গীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।
