চট্টগ্রামে দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু
চট্টগ্রাম নগরী ও আনোয়ারা উপজেলায় দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যার দিকে নগরীর পাঁচলাইশ থানার সেনাকল্যাণ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় খালে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়।
নিহত দুলাল মিয়া (৫০) নগরীর রহমান নগর এলাকায় আবুল কালাম চৌধুরী বাড়িতে নিরাপত্তারক্ষী ছিলেন।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোটর সাইকেল ধাক্কায় দুলাল মিয়া সড়কের পাশের চশমা খালে পড়ে যান।
“স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা গিয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাই।”
চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বলেন, খালের পানিতে ডুবে তার মৃত্যু হয়।
এদিকে বেলা ১২টার দিকে আনোয়ার উপজেলার ৪ নম্বর বৈরাগ ইউনিয়নের খুরশকুল এলাকায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়।
নিহত শারমিন আক্তার (৭) স্থানীয় আবদুর রহমানের মেয়ে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, খেলার সময় বাড়ির কাছের পুকুরে পড়ে যায় শারমিন। পানিতে ডুবে তার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
