২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নগরে জলজট, পাহাড়ের ঝুঁকিপূর্ণদের সরানোর নির্দেশ

সক্রিয় মৌসুমী বায়ুর কারণে ভারি বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2018, 09:01 PM

Updated : 11 Oct 2022, 12:31 PM

সোমবার রাত থেকে চলা ভারি বৃষ্টিতে সকাল থেকে বন্দর নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়তে মানুষকে।

এদিকে ভারি বর্ষণে দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ পাহাড় ও পাহাড়ের পাদদেশ থেকে বসতি স্থাপনকারীদের সরানোর নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের অফিসিয়াল ফেইসবুক পেইজে এক বার্তায় বলা হয়, “অতিবর্ষণের কারণে চট্টগ্রামের পাহাড় ধসের সম্ভাবনা থাকায় ঝুঁকিপূর্ণ পাহাড় ও পাহাড়ের পাদদেশে বসবাসরত লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

“এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের এগিয়ে আসার জন্য এবং দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ করা হল।”

ভারি বৃষ্টির কারণে মঙ্গলবার সকাল নয়টা থেকে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, হালিশহরের বিভিন্ন এলাকা, বহদ্দারহাট ও মুরাদপুর এলাকায় পানি উঠতে শুরু করে। পরে দুই নম্বর গেট, ষোলশহর, চকবাজার, বাদুরতলা, আগ্রাবাদ এক্সেস রোডসহ বিভিন্ন এলাকাও তলিয়ে যেতে থাকে।

বৃষ্টি আর জলাবদ্ধতায় সকালে বাসা থেকে বেরিয়ে অনেকেই পড়েন বিপাকে। নগরীতে যান চলাচল ছিল কম। তবে জলাবদ্ধ কিছু এলাকায় আবার যানজটও দেখা গেছে।

নগরীর মুরাদপুর এলাকার বাসিন্দা সাইফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগ্রাবাদ যাওয়ার জন্য সকালে বাসা থেকে বেরিয়েই দেখি পানি। কোনো যানবাহন পাইনি। হেঁটে জিইসি পর্যন্ত যেতে হয়েছে। তারপরও গাড়ি পেতে অনেকক্ষণ সময় লেগেছে।”

আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় শিক্ষার্থীদের কোমর সমান পানি ডিঙ্গিয়ে স্কুল-কলেজে যেতে দেখা গেছে।

নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে ওয়াসার পাইপ লাইন স্থাপনের জন্য খোড়াখুড়ি চলতে থাকায় দুর্ভোগ আরও চরমে ওঠে।

বিকাল থেকে বিভিন্ন এলাকায় পানি নামতে শুরু করলেও আগ্রাবাদ এক্সেস সড়ক সংস্কারের কাজ চলমান থাকায় সড়কের এক পাশের পানি সন্ধ্যায়ও নামেনি।

আগ্রাবাদ এক্সেস সড়ক, ব্যাপারিপাড়া, শান্তিনগর ও মুহুরিপাড়া এলাকার বাসিন্দাদের সাঁকো পেরিয়ে চলাচল করতে দেখা গেছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের ডিউটি অ্যাসিটেন্ট প্রদীপ কান্তি রায় জানিয়েছেন, সন্ধ্যা ছয়টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ১২১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায়ও ভারি বর্ষণের সর্তকতা রয়েছে।