ফজলে করিম চৌধুরীকে সংবর্ধনা
বৃক্ষরোপণে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার অর্জন করায় সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সমিতি, ওমান।
সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুক্রবার রাউজানে সংসদ সদস্যের বাসভবনে গিয়ে তাকে অভিনন্দন জানায়।
সমিতির সহ-সভাপতি জসীম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, কার্যকরী সদস্য আবদুল করিম ও শাহদাত হোসেন এসময় উপস্থিত ছিলেন।
২০১৭ সালে বৃক্ষরোপণের জন্য সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ স্থান অর্জন করে রাউজান উপজেলা।
এ অর্জনের জন্য বুধবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে ফজলে করিম চৌধুরীকে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী।
এর আগে গত বছর ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’ এবং তার আগের বছর বৃক্ষরোপণে জাতীয় স্বর্ণপদক পেয়েছিলেন ফজলে করিম।
অভিনন্দন জানাতে গিয়ে চট্টগ্রাম সমিতি ওমানের সভাতি ইয়াছিন চৌধুরী বলেন, “সবুজ ও পরিচ্ছন্ন রাউজানের স্বপ্ন দেখে তা বাস্তবায়ন করে সাংসদ তিনবার জাতীয় স্বর্ণপদক অর্জন করে রেকর্ড করেছেন। পাশাপাশি রাউজান উপজেলাকে উচ্চ মর্যাদার আসীন করেছেন।”
এসময় ফজলে করিম চৌধুরী বলেন, “প্রত্যেকটি মানুষের দায়িত্ব পরিবেশ রক্ষায় এবং ফলমূল উৎপাদনের লক্ষ্যে বৃক্ষরোপণ করা। রাউজানবাসী তা করে দেখিয়েছে। এই পুরস্কার প্রাপ্তি বৃক্ষরোপণে মানুষকে আরও বেশি অনুপ্রাণিত করবে।”
ফজলে করিমের উদ্যোগে গত বছরের ২৫ জুলাই রাউজান উপজেলায় একযোগে এক ঘণ্টায় ৪ লাখ ৮৭ হাজার ৫৪০টি ফলজ গাছের চারা রোপণ করা হয়।
