২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুদ্ধি অভিযান চালাতে চান চট্টগ্রামের নতুন ডিআইজি

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের দায়িত্ব নিয়ে শুদ্ধি অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন খন্দকার গোলাম ফারুক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2018, 06:39 PM

Updated : 08 Apr 2022, 06:43 PM

বদলি হয়ে কক্সবাজার জেলায় যারা বার বার যাচ্ছেন, তাদের সেখান থেকে সরিয়ে  নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

মাদকের সঙ্গে যেসব পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের চাকরি থেকে বরখাস্ত করার হুঁশিয়ারিও দিয়েছেন ফারুক।

অভিযোগের মুখে মনির-উজ-জামান বদলি হওয়ার পর পুলিশের চট্টগ্রাম রেঞ্জের দায়িত্ব নিয়ে  এসেছেন গোলাম ফারুক।

মঙ্গলবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। পুলিশ কর্মকর্তাদের দায়িত্বের প্রতি সচেতন রাখতে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা তিনি চেয়েছেন।

নতুন ডিআইজি বলেন, “যেসব পুলিশ সদস্য বারবার কক্সবাজারে বদলি হয়ে যাচ্ছে, তাদের বদলি করে দিব, তাদের ওখানে রাখব না।

“মাদকের সাথে জড়িত পুলিশ সদস্যদের ধরতে পারলে চাকরি থেকে বরখাস্ত করা হবে।”

কক্সবাজার ও টেকনাফ সীমান্ত পথে মিয়ানমার থেকে আসা ইয়াবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় সারাদেশে ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ আছে।

মতবিনিময়  সভায় সাংবাদিকরা অভিযোগ করেন, কিছু পুলিশ কর্মকর্তা ও সদস্য বিভিন্নভাবে বদলি হয়ে কক্সবাজার জেলায় বছরের পর বছর থেকে এই কাজ করছে।

ডিআইজি ফারুক বলেন, নির্বাচনের আগে কোনো কুচক্রি মহল কিংবা জঙ্গিরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে দৃষ্টি রাখবেন তিনি, মাদক নিয়ন্ত্রণেও করবেন কাজ।

সাংবাদিকদের সহযোগিতা চেয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “আমাদের বলা হয় সিভিল সার্ভেন্ট, মানে জনগণের চাকর। আমরা যখন এসপি, ডিআইজি ওই রকম পদে চলে যাই, তখন আমরা এসব ভুলে যাই।

“আমি মনে করি, এক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব আমাদের মনে করিয়ে দেওয়া যে আমরা সিভিল সার্ভেন্ট, সিভিল মাস্টার না।”

“যে সমস্ত সরকারি কর্মকর্তারা বেশি বাড়াবাড়ি করে, তাদের লাগামটা টেনে ধরা আপনাদের দায়িত্ব,” বলেন ডিআইজি ফারুক।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরোয়ার, সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুউদ্দিন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ।