জামিনের ভুয়া আদেশ দেখিয়ে কারামুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
চট্টগ্রামে উচ্চ আদালতের ভুয়া আদেশ দাখিল করে জামিনে বেরিয়ে যাওয়া মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত রাসেল (৩১) চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চাক্তাই নয়া মসজিদ এলাকার মৃত ফজল আহম্মেদের ছেলে।
রাসেলকে সোমবার গভীর রাতে মিয়া খান নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী জানিয়েছেন।
২০১৬ সালের ১৭ অগাস্ট নগরীর সদরঘাট থানার কদমতলি এলাকা থেকে ৯০ হাজার পিস ইয়াবাসহ রাসেল ও আহমেদ নূর (৫০) নামের দুজনকে গ্রেপ্তার করে র্যাব।
ওসি প্রণব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইয়াবার ওই মামলায় ২০ মাস জেল হাজতে ছিলেন রাসেল। সেখানে একটি চক্রের সঙ্গে পরিচয়ের পর জামিন করিয়ে দেওয়ার জন্য তাদের সাথে ১৭ লাখ টাকার চুক্তি করেন তিনি।
“চক্রটি হাই কোর্টের ভুয়া জামিন আদেশ নিম্ন আদালতে দাখিল করলে রাসেল ও আহমেদ নূর জামিনে মুক্ত হয়।”
বিষয়টি উচ্চ আদালতের নজরে এলে তারা জামিন আদেশের মূল কপি ও মামলার নথি অনুসন্ধান করে এ ধরণের কোনো আদেশের সত্যতা পাননি।
“এরপর উচ্চ আদালত এ মামলার বিচারিক আদালতকে (চট্টগ্রাম মহানগর তৃতীয় দায়রা আদালত) আসামিদের গ্রেপ্তারের জন্য আদেশ দেন। আদালতের আদেশ পাওয়ার পর অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করা হলো।”
