জুতার দোকানের আড়ালে চোরাই মোবাইলের কারবার
জুতার দোকানের আড়ালে চোরাই মোবাইল বিক্রির অভিযোগে একজনকে গ্রেপ্তারের পর ১৬টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
সোমবার নগরীর কোতোয়ালী থানার বানিয়াটিলা নুর হোসেন জমিদারের মালিকানাধীন ভাড়া বাসা থেকে মো. সুমনকে (৩১) গ্রেপ্তার করে পুলিশ।
সুমন কুমিল্লা জেলার চান্দিনা থানার ধেরেরা গ্রামের হাফিজ উল্লাহর ছেলে।
কোতোয়ালী থানার ওসি মো. মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রামে বেড়াতে আসা এক ব্যক্তির মোবাইল চুরির অভিযোগের তদন্ত করে সেটা সুমনের কাছে আছে বলে জানতে পারি।
“সোমবার সুমনের বাসায় অভিযান চালিয়ে সাতটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।”
মহসীন বলেন, তার দোকানে রাখা একটি শপিং ব্যাগের ভিতর থেকে নয়টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
“জুতার দোকানের আড়ালে মূলত সে চোরাই মোবাইল ও অন্যান্য মালামাল বিক্রি করত।”
ওই দোকান থেকে একটি মাইক সেট, একটি টর্চ লাইট, একটি টাইলস কাটার মেশিন ও একটি টাইলস পরিষ্কার করার মেশিনও উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
