২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বৃদ্ধ খুনের মামলায় আদালতে স্ত্রীর জবানবন্দি

চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ বাড়িতে এক বৃদ্ধ খুনের ঘটনায় করা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার স্ত্রী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2018, 06:42 PM

Updated : 08 Apr 2022, 06:41 PM

বুধবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিবলু কুমার দে ৬৪ ধারায় পারভীন আক্তারের (৫০) জবানবন্দি রেকর্ড করেন বলে সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন জানিয়েছেন।

মঙ্গলবার ভোরে সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নে তুলাতলী গ্রামে নিজ বাড়ি থেকে রিজুয়ানুল হকের (৬২) লাশ উদ্ধার করা হয়।

ঘটনার পর নিহতের স্ত্রী, ছেলে ও মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছিল পুলিশ।

ওসি রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতে দেওয়া জবানবন্দিতে পারভীন আক্তার জানিয়েছেন পারিবারিক কলহের জেরে তিনি নিজ হাতে ‍ছুরিকাঘাতে স্বামীকে খুন করেন।

“নিহত কৃষক রিজুয়ানুল রুক্ষ মেজাজের ছিল। প্রায়ই তিনি ছোটখাটো বিষয় নিয়ে তিনি পরিবারে অশান্তি করতেন। এক পর্যায়ে অতিষ্ট হয়ে স্ত্রী তাকে খুন করে।”

ঘরে থাকা ফল কাটার ছুরি দিয়েই রিজুয়ানুল হককে হত্যা করা হয়। পরে সেই ছুরি গোয়ালঘরের পাশে পুঁতে রাখে পারভীন।

তার দেখানো মতে রিজুয়ানুলের রক্তমাখা পোশাক ও ছুরিটি পুলিশ উদ্ধার করেছে।

৩৫ বছর আগে বিয়ে হওয়া এই দম্পতি চার মেয়ে ও দুই ছেলের জনক।

পুরনো খবর:

চট্টগ্রামে নিজ বাড়িতে ষাটোর্ধ্ব ব্যক্তি খুন