পিকআপে আগুন লাগার পর বাইকে ধাক্কা, ৩ জন নিহত
চট্টগ্রামের বাঁশখালীতে মোটরসাইকেলে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন তিনজন।
ভ্যানটিতে আগুন লাগার পর সেটি মোটর সাইকেলে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পেকুয়া-বাঁশখালী মহাসড়কের শেখের খিল রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নূর হোসেন (১৮), আবদুল আজিজ খান (৬০) এবং রুবেল (২৫)।
বাঁশখালী থানার ডিউটি অফিসার এএসআই নুরুন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যান্ত্রিক ত্রুটিতে পিকআপ ভ্যানে আগুন ধরে যায়।
“এসময় চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি একটি মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ”
“তিনজন মারা গেছেন। আহত তিনজনকে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেলজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
হতাহতরা কে কোন গাড়ির যাত্রী তা জানাতে পারেননি তিনি।
নিহতদের মধ্যে নুর হোসেন শেখেরখিল এলাকার মোজাহার আহমদের ছেলে। আবদুল আজিজ খান বরিশালের মুলাদি এলাকার মৃত শাহ আলম খানের ছেলে। আর রুবেল কক্সবাজার নতুন ফিশারি পাড়া এলাকার হোসেন আলীর ছেলে।
দুর্ঘটনায় দগ্ধ হয়েছে বাঁশখালীর বাসিন্দা সালামত উল্লাহ (৫০), কক্সবাজার জেলার চকরিয়ার মালুমঘাটা এলাকার নুরুল আলম (১৬) ও নুরুল কবীর (২৫)।
তাদেরকে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, আহতদের মধ্যে সালামত উল্লাহর শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে।
