দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর রাহাত্তারপুলে দুই শিশু ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছেলে দুটির পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে সোমবার গভীর রাতে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয় বলে জানান চান্দগাঁও থানার ওসি আবুল বাশার।
গ্রেপ্তার হাফেজ সাইদুর রশিদ (৫২) রাহাত্তারপুর এলাকার গুরজারে মদিনা হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক। তার বাড়ি বাঁশখালীতে।
ওসি আবুল বাশার জানান, ওই মাদ্রাসা ও এতিমখানায় নয়জন ছাত্র আছে। তার মধ্যে দুই শিশুকে ওই শিক্ষক গত দুই মাস ধরে যৌন নির্যাতন করে আসছিলেন বলে তাদের পরিবার জানিয়েছে।
“এক পর্যায়ে নির্যাতনে অতিষ্ঠ হয়ে দুই শিশু তাদের পরিবারকে জানায়। পরিবারের সদস্যরা থানা এসে অভিযোগ করলে সোমবার রাতে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।” বলেন ওসি।
