চট্টগ্রামে জামায়াতের ৮ জন রিমান্ডে
চট্টগ্রামে মোটেল সৈকত থেকে গ্রেপ্তার জামায়াত-শিবিরের আরও আট নেতাকর্মীকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।
রোববার চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মো. নোমান শুনানী শেষে তাদের জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নগর পুলিশের সহকারী অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার জামায়াত-শিবির নেতাকর্মীদের মধ্যে এজাহারে থাকা ৫১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হয়েছিল।
“আদালত শুনানি শেষে তাদের মধ্যে আটজনকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছে। তবে অন্যদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।”
রিমান্ড পাওয়া আটজন হলেন- ফেরদৌস আহমেদ (২৫), রফিকুল ইসলাম (২৩), আনাস বিন সিরাজ (২৩), রফিকুল ইসলাম (২৫), আবু হানিফ (২৩), সিদ্দীক আহমেদ আজাদ (২৮), মাহফুজুর রহমান (৩৮) ও নওশাদ হোসেন (২১)।
এর আগে প্রথম গত বৃহস্পতিবার নগর জামায়াতের নায়েবে আমির আ জ ম ওবায়দুল্লাহ, ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল হাসান লোদি (২৮), সেক্রেটারি মো. ইমরানুল হক, অফিস সেক্রেটারি গাজী সাখাওয়াত হোসাইন (২৭), হাবিবুর রহমান (৫৫), রফিকুল হায়দার (৫৫), হোসেন মুরাদ তারিক (২৮) নামে সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠিয়েছিল আদালত।
গত ২৩ জুন রাতে নগরীর কোতোয়ালী স্টেশন রোডের মোটেল সৈকতে অভিযান চালিয়ে জামায়াত ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ২১০ জন নেতাককর্মীকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেপ্তার ২১০ জনসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা পুলিশ।
গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছিল ‘পারাবার’ নামে একটি সংগঠনের নামে ঈদ পুনঃমির্লনীর জন্য জামায়াত- শিবির নেতাকর্মীরা মোটেল সৈকতে জড়ো হয়েছিল। তবে তারা পুলিশের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেয়নি।
পারাবার সংগঠনটি ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাংস্কৃতিক শাখা।
