বাড়তি ফি আদায়ের প্রতিবাদে হাজেরা-তজু কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি প্রতিষ্ঠিত হাজেরা-তজু ডিগ্রি কলেজে বর্ধিত ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।
রোববার দিনভর কলেজ গেইট, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও প্রেস ক্লাব চত্বরে মিছিল সমাবেশ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, দ্বাদশ শ্রেণিতে ভর্তি ফির সঙ্গে উন্নয়ন ফির নামে অতিরিক্ত তিন হাজার টাকা করে কলেজ কর্তৃপক্ষ আদায় করছে।
তারা জানান, একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণদের ভর্তি ফির জন্য কলেজ থেকে এক হাজার ৯৫০ টাকার নোটিস টাঙানো হয়েছিল। কিন্তু বেতন পরিশোধ করতে গেলে আরও অতিরিক্ত তিন হাজার ২০০ টাকাসহ পাঁচ হাজার ১৫০ টাকা দাবি করা হচ্ছে।
বেতনও এক বছরের মধ্যে সাড়ে ৩০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।
এদিকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে দুই হাজার টাকা বোর্ড নির্ধারিত ফির পাশাপাশি স্বাক্ষর বিহীন রশিদের মাধ্যমে উন্নয়ন ফির নামে অতিরিক্ত পাঁচ হাজার টাকা করে আদায় করা হয়েছে বলেও জানান শিক্ষার্থীরা।
বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ থেকে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে ছাত্রলীগ নেতাকর্মীরা গত ২৮ জুন আন্দোলন করলে মন্ত্রীপুত্র মুজিবর রহমানের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এনিয়ে সংবাদ পরিবেশন করা সাংবাদিককে জড়িয়ে বিবৃতিও দেয় কলেজ কর্তৃপক্ষ।
এদিকে রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো কলেজের এক বিবৃতিতে অধ্যক্ষ দবির উদ্দিন খান জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ভর্তি নীতিমালার অনুচ্ছেদ ৫.৫ এর উপ-অনুচ্ছেদ ৫.৫.১ ও ৫.৫.২ ‘বৈষ্যম্যমূলক’ হওয়ায় তারা রিট আবেদন করেন।
অনুচ্ছেদ দুইটি বৈষম্যমূলক মন্তব্য করে বিবৃতিতে অতিরিক্ত ফি আদায়ে তাদের পক্ষে যুক্তি তুলে ধরেন।
বিবৃতিতে বলা হয়, ‘উক্ত বিষয়গুলো যাচাই বাছাই না করে ‘ছাত্র সংগঠনের কিছু উচ্ছৃঙ্খল মহল’ নিজেদের প্রচার লাভের ইচ্ছায় ও ব্যক্তিগত স্বার্থে এবং প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতার সুনাম ক্ষুন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
‘শুধু তাই নই, বিভিন্ন সংবাদ মাধ্যমে মিথ্যা সংবাদ প্রেরণ করে প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা পরিবারের মর্যাদা হরণের চেষ্টা চালাচ্ছে’ বলা হয় বিবৃতিতে।
