২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীর কলেজে ‘আন্দোলনের’ খবর প্রকাশে সাংবাদিকের বিরুদ্ধে বিবৃতি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির মালিকানাধীন একটি কলেজে ‘বর্ধিত ফি নিয়ে আন্দোলনের’ সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিকের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2018, 12:35 AM

Updated : 19 Aug 2022, 02:14 PM

চট্টগ্রামের হাজেরা তজু ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ শুক্রবার অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলার বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান রমেন দাশ গুপ্তের বিরুদ্ধে এ বিবৃতি দিয়েছে।  

বিবৃতিতে বলা হয়েছে, “রমেন দাশ গুপ্ত নামে এক সাংবাদিককে ব্যবহার করে ছাত্রলীগ নামধারীরা হাজেরা-তজু ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ভাবমূর্তি নস্যাৎ করার ষড়যন্ত্র করছে।”

শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষায় ‘বিবেকবান ছাত্র সমাজকে’ এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তারা।

এ বিষয়ে রমেন দাশ গুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একাদশ শ্রেণিতে ভর্তিতে হাজেরা তজু কলেজ কতৃর্পক্ষ বোর্ডের নির্ধারিত ফির বাইরে ‘উন্নয়ন ফির নামে অতিরিক্ত পাঁচ হাজার টাকা’ আদায় করছে অভিযোগ তুলে আন্দোলন করে ছাত্রলীগ।

“তাদের সংবাদ বিজ্ঞপ্তির ভিত্তিতে এ নিয়ে আমি সংবাদ প্রকাশ করায় কলেজ কর্তৃপক্ষ প্রতিবাদ সভার নামে আমাকে জড়িয়ে বিবৃতি দিয়েছে।”

সাংবাদিককে নিয়ে এভাবে বিবৃতি দেওয়ার নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) চট্টগ্রাম বিভাগের নেতারা।

সিইউজের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, বিএফইউজে চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্ত্তী, নির্বাহী সদস্য আসিফ সিরাজ, নওশের আলী খান বিবৃতিতে বলেন, “সংবাদকর্মীর হিসেবে কলেজের বর্ধিত ফি আদায়ের জন্য আন্দোলনকারীদের সংবাদ প্রকাশ করা পেশাগত দায়িত্ব। প্রকাশিত সংবাদকে নিজেদের স্বার্থে নিয়ে এ ধরনের বিবৃতি দেওয়া গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ।”

ভবিষ্যতে এ ধরনের বিবৃতি দিলে কঠোর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন সাংবাদিক ফোরামের নেতারা।