পেটের ভেতরে করে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২
পেটের ভেতরে করে ইয়াবা পাচারের সময় চট্টগ্রামে এক রোহিঙ্গাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের সদস্যরা।
মঙ্গলবার মেহেদীবাগ ও সিনেমা প্যালেস এলাকায় পৃথক অভিযানে এ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে মিয়ানমারের নাগরিক মোহাম্মদ আলম ওরফে জাহিদ (৩০) টেকনাফের পশ্চিম লেদা এলাকার অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ‘বি ব্লকের’ বাসিন্দা। আর মো. ইব্রাহীম (৪৩) একই উপজেলার হ্নীলা ফুলের ঢেল এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে আলাদা দুইটি অভিযানে সিনেমা প্যালেস এলাকা থেকে ইব্রাহীম ও মেহেদীবাগ ন্যাশনাল হসপিটাল এলাকা থেকে মিয়ানমার নাগরিক মোহাম্মদ আলমকে গ্রেপ্তার করা হয়।
“প্রথমে তারা স্বীকার না করলেও এক্স-রে করে তাদের পেটে ইয়াবা থাকার প্রমাণ পাওয়া যায়।”
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শামীম বলেন, তারা ইয়াবাগুলো পুঁটলি করে গিলে ফেলেছিল।
দুইজনের পেট থেকে তিন হাজার করে ইয়াবা উদ্ধার করা হয়।
