২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চুরি-ছিনতাই চক্রের হোতা ‘হাতকাটা ইদু’ গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরে চুরি-ছিনতাইসহ নানা অপরাধ করে বেড়ানো একটি চক্রের হোতা ইদুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2018, 09:58 PM

Updated : 11 Oct 2022, 12:26 PM

এক হাত কনুই থেকে কাটা থাকায় ‘হাতকাটা ইদু’ নামে পরিচিত পঞ্চাশ বছর বয়সী এই ব্যক্তি। আর শিষ্যদের কাছে তিনি ‘ইদু মামা’।

তার অধীনে ২০ জনের মতো কিশোর-যুবক চট্টগ্রাম মহানগরে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করে বেড়ায়।

চট্টগ্রামের একটি চুরির মামলার তদন্ত করতে গিয়ে আলোচনায় আসে ইদুর নাম। সোমবার নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকা থেকে তিন সহযোগীসহ ইদুকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ।

থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী উদ্দিন আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম মেডিকেল এলাকায় একটি বাসায় চুরির ঘটনায় গত মে মাসে একটি মামলা হয়।

“ওই মামলার তদন্ত করতে গিয়ে ইদুর সংশ্লিষ্টতা পাওয়া যায়। সোমবার আগ্রাবাদ এলাকা থেকে গোপন সংবাদের তিন সহযোগীসহ ইদুকে গ্রেপ্তার করা হয়।”

Image
পিন্টু ও হাসান

পিন্টু ও হাসান

গ্রেপ্তার ইদুর সহযোগীদের একজনের বয়স ১৪ বছর। অন্য দুইজন হলেন- পিন্টু সেন ওরফে সুমন ওরফে মো. সুমন (২৪), মো. হাসান ওরফে গুরাইয়া (২৩)।

এদের মধ্যে হাসান ওরফে গুরাইয়া চুরি, ছিনতাইয়ের মামলায় কখনও গ্রেপ্তার না হলেও বছর কয়েক আগে ফলমণ্ডি এলাকায় একটি গণধর্ষণ মামলার আসামি হয়ে কারাগারে গিয়েছিলেন।

পুলিশ কর্মকর্তা ওয়ালী উদ্দিন আকবর জানান, ইদুর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, মারামারি, অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে ১৪টি মামলা আছে। তবে তার সাথে গ্রেপ্তার হওয়া তিনজন হাজারের বেশি চুরি, ছিনতাইয়ে জড়িত থাকলেও কখনও গ্রেপ্তার হয়নি।  

তিনি জানান, বিভিন্ন বয়সী যুবক ও কিশোর আছে ইদুর দলে। তারা সবাই নগরীর এনায়েত বাজার বয়লার কলোনিতে ইদুর বাসায় থাকে। ভোরে তারা বাসা থেকে বেরিয়ে নগরীতে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ঘুরে ঘুরে চুরি ও ছিনতাই করে।

কাজ শেষ করে সকাল ১০টার মধ্যে তারা ইদুর বাসায় ফিরে আসে। সেখানে খাওয়া থেকে শুরু করে মাদক সেবন সবই চলে।

বিভিন্ন মার্কেটে নারীদের ব্যাগ, পার্টস চুরির জন্যও ইদুর একটি দল আছে। 

ইদুর দলের সদস্যরা দৈনিক ৫০০ টাকা করে হাত খরচ পায়। তার দলের বেশ কয়েকজন সদস্য বর্তমানে কারাগারে আছে।

পুলিশ কর্মকর্তা ওয়ালী বলেন, গ্রেপ্তাররা জানিয়েছে, ইদুর সাথে থাকলে বেশি আয় হয়, তাই তার কথায় চুরি, ছিনতাই করে তারা। পাশাপাশি ধরা পড়ে গণপিটুনি খেলে তাদের চিকিৎসার খরচও ইদু বহন করে। ওই সময় তাদের হাত খরচও দেয় ইদু।