২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন পার্বত্য জেলার সঙ্গে সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন

প্রবল বর্ষণে চট্টগ্রামের সঙ্গে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে; আংশিক বন্ধ রয়েছে বান্দরবানের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2018, 02:51 PM

Updated : 11 Oct 2022, 12:24 PM

মঙ্গলবার ভোর থেকে সড়কের বিভিন্ন স্থানে পানি উঠায় খাগড়াছড়ির সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ নাজিরহাট ফাঁড়ির কর্মকর্তা মুজিবর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রবল বর্ষণের সাথে পাহাড়ি ঢলে কারণে সড়কের বিভিন্ন স্থানে হাঁটু থেকে বুকসমান পানি হয়েছে, যার কারণে দুই দিক থেকেই যান চলাচল বন্ধ হয়ে গেছে।

স্থানীয়রা জানান, নাজিরহাট মাইজভান্ডার সড়ক, গহিরা হোয়াঁকো সড়ক, ফটিকছড়ি কাজীর হাট সড়কসহ বিভিন্ন স্থানে হাঁটু থেকে বুক সমান পানি হয়ে গেছে।

পানির উচ্চতা ক্রমশ বাড়ছে জানিয়ে পুলিশ কর্মকর্তা মুজিবর বলেন, বৃষ্টি না কমা পর্যন্ত পানি কমারও সম্ভাবনা নেই।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনেও পানি উঠেছে বলে জানান চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী।

তিনি বলেন, “হাসপাতালের নিচতলা পানির নিচে। ফলে স্বাস্থ্যসেবা দেওয়া ব্যাহত হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়া সাপেকাটা চার রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

ফটিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে পানি উঠে যাওয়ায় হাজার হাজার মানুষ পানিবন্দী বলে জানান স্থানীয়রা।

এদিকে দ্বিতীয় দিনের মতো বন্ধ আছে চট্টগ্রামের সাথে রাঙামাটির সড়ক যোগাযোগ।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে পানি উঠায় অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

এছাড়াও বিভিন্ন সড়কের পাশাপাশি ব্রিজ কালভার্টও ভেঙ্গে গেছে বলে জানান তিনি।

সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন জানান, বাজালিয়া এলাকায় পানি উঠায় বান্দরবান-চট্টগ্রামে সড়কে কোন ছোট গাড়ি চলাচল করতে পারছে না। কিছু কিছু বড় গাড়ি চলাচল করলেও ছোট যান চলাচল বন্ধ।

এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে পানি উঠলেও আমিলাইশ, চরতি, নলুয়া ইউনিয়নের মানুষ পুরোপুরি পানিবন্দি হয়ে পড়েছে।