চান্দগাঁও পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, ওসির অস্বীকার
চট্টগ্রামের চান্দগাঁও থানার ওসিসহ কয়েক কর্মকর্তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ নানা অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
মাদক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে মামলা না দেওয়া, সাধারণ মানুষকে মাদকের মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়, অটোরিকশা চালকদের কেউ প্রতিবাদ করলে পুলিশ বক্সে নিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ তাদের।
সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে পশ্চিম মোহরা মহল্লা কমিটির এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলা হয়।
তবে পশ্চিম মোহরা মহল্লা কমিটির সংবাদ সম্মেলনে তোলা সব অভিযোগই অস্বীকার করেছেন চান্দগাঁও থানার ওসি আবুল বাশার।
পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনে পশ্চিম মোহরা মহল্লা কমিটি
প্রতিকার পেতে সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় সাংসদসহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ দেওয়ার পরও কোনো প্রতিকার হয়নি বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঁচ নম্বর মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহল্লা কমিটির সহ-সভাপতি জসীম উদ্দিন বলেন, প্রতিদিন পটিয়া ও বোয়ালখালী উপজেলা থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত বিপুল পরিমাণ সিএনজিচালিত অটোরিকশা-টেম্পো চলাচল করে। প্রতি গাড়ি থেকে টোকেনের মাধ্যমে মাসে ৮০০ থেকে ১২০০ টাকা করে মাসে অন্তত চার লাখ টাকা আদায় করা হয়।
“এছাড়াও ভ্যানগাড়ি থেকে ১৬০ টাকা করে সাত লাখ ২০ হাজার টাকা এছাড়া অন্য গাড়ি এবং রেলওয়ের জায়গায় অবৈধভাবে বাজার বসিয়ে টাকা আদায়সহ বিভিন্নভাবে মাসে অন্তত দুই কোটি টাকার চাঁদাবাজি হয়।”
চান্দগাঁও থানার ওসি আবুল বাশার, সেকেন্ড অফিসার মোহাম্মদ ইয়াসিনসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা এই চাঁদাবাজির সাথে সরাসরি জড়িত বলে অভিযোগ করেন জসীম।
পরিবহন থেকে চাঁদা তুলতে যেসব টোকেন ব্যবহার করা হয়, সংবাদ সম্মেলনে তা দেখানো হয়
দিতে না পারায় ময়না তদন্ত প্রতিবেদন দেওয়া হয়নি বলে জানান তিনি।
এছাড়াও যৌতুক হিসেবে নেওয়া মালামাল মেয়ের শ্বশুড়বাড়ি থেকে ফেরৎ নিয়ে দিতে আদালত নির্দেশ দিলেও পুলিশ আসামিদের পক্ষ নিয়ে গড়িমসি করছে বলে অভিযোগ করেন রাশেদা।
অভিযোগ অস্বীকার ওসির
যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে চান্দগাঁও থানার ওসি আবুল বাশার বলেন, “পরিবহন থেকে চাঁদা তোলার বিষয়টি নিয়ন্ত্রণ করে শ্রমিক সংগঠনগুলো। এক পক্ষ থেকে অন্য পক্ষের কাছে এর নিয়ন্ত্রণ চলে যাওয়ায় পুলিশকে দোষারোপ করছে।
“আগে ওই এলাকার পরিবহনে টোকেন বাণিজ্য করত স্থানীয় আওয়ামী লীগ নেতা জসীম। সম্প্রতি তার কাছ থেকে এ নিয়ন্ত্রণ নিয়ে নেয় অন্য একটি পক্ষ। নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য তিনি পুলিশের সহায়তা চেয়েছেন। বিষয়টি পরিবহন শ্রমিকদের অভ্যন্তরীণ হওয়ায় সেখানে আমরা কিছু করতে পারি না। তিনি তার নিয়ন্ত্রণ নিতে বিভিন্ন স্থানে চিঠি চালাচালিও করেছেন।”
রাশেদা বেগমের মেয়ের খুনি ধরতে এবং ময়না তদন্ত প্রতিবেদন জন্য টাকা দাবির অভিযোগ প্রসঙ্গে ওসি বাশার বলেন, “ওই মেয়ের মরদেহ দাফন করার সময় পুলিশ লাশ উদ্ধার করে মামলা নিয়েছে। আদালতের নির্দেশ পাওয়ার পর রাশেদাকে মালামালের তালিকা দিতে বলা হয়েছে। দিতে না পারায় উদ্ধার করা যায়নি।”
মাদক মামলার আসামিদের ছেড়ে দিয়ে সাধারণ মানুষকে ফাঁসানোর অভিযোগও অস্বীকার করেন ওসি।
