কালুরঘাটে চামড়া পণ্যের কারখানায় আগুন
চট্টগ্রাম নগরীর কালুরঘাট এলাকার রিফ লেদার নামের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার বিকাল পৌনে ছয়টার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে কারখানার কিছু যন্ত্রপাতি পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমিন জুট মিল এলাকায় পানিতে শিশু ভেসে যাওয়ার খবর পেয়ে সেখানে যাচ্ছিলাম।
“পথিমধ্যে আগুনের শিখা দেখতে পেয়ে আমরা রিফ লেদারে যাই। তিন তলা ভবনটির নিচতলার ফিনিশিং সেকশনে আগুন লাগে। সেখানে চামড়াজাত পণ্য প্রস্তুতের পর তাপ দিয়ে ফিনিশিং করা হয়।”
পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বলেন, “অতিরিক্ত তাপ থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে আগুনে কেউ হতাহত হয়নি।
“কালুরঘাট স্টেশন থেকে আরও একটি গাড়ি আসে। পরে কারখানার অগ্নি নির্বাপন ব্যবস্থার সহায়তা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।
