চাক্তাই খালে স্লুইস গেইট নির্মাণ শুরু
পানি চলাচল নিয়ন্ত্রণের জন্য ‘চট্টগ্রামের দুঃখ’ খ্যাত চাক্তাই খালে স্লুইস গেট নির্মাণের কাজ শুরু হয়েছে।
বুধবার বিকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম নির্মাণ কাজের উদ্বোধন করেন।
প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন ‘কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ’ প্রকল্পের আওতায় স্লুইস গেটটি নির্মাণ করা হচ্ছে।
৬০ মিটার দৈর্ঘ্য, ৩০ ফুট উঁচু এবং ১২ মিটার প্রস্থের এই স্লুইস গেট নির্মাণে ৩০ কোটি টাকার মত ব্যয় হবে।
কর্ণফুলী নদীর সাথে চাক্তাই খালের সংযোগস্থলের কাছাকাছি স্লুইগ গেটটি নির্মাণ করা হচ্ছে।
বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিএর প্রধান প্রকৌশলী জসিম উদ্দিন চৌধুরী এবং সচিব তাহেরা ফেরদৌসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্লুইস গেট প্রকল্পের পরিচালক সিডিএর নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই স্লুইস গেটের মধ্য দিয়ে নৌকা চলাচলের ব্যবস্থাও থাকবে।
“এটি হবে স্বয়ংসম্পূর্ণ স্লইস গেট। এখানে থাকবে পাম্প হাউজ, জেনারেটর এবং সাব স্টেশন। পুরো নির্মাণ কাজ শেষ হতে সাত থেকে আট মাস সময় লাগতে পারে।”
প্রতি বর্ষায় কর্ণফুলী নদী থেকে জোয়ারের সময় চাক্তাই খাল হয়ে পানি নগরীতে ঢুকে পড়ে। এতে চট্টগ্রামে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জ ও আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
এর আগে বিভিন্ন সময় চাক্তাই খালের তলা পাকাকরণ, খনন, খালের পাড় পাকা করাসহ নানা উদ্যোগ নিয়েও সুফল মেলেনি।
‘কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ’ প্রকল্পের আওতায় কর্ণফুলীর সাথে যুক্ত ১২টি খালের মুখে স্লুইস গেট নির্মাণ করা হবে।
এছাড়া কর্ণফুলীর তীর ধরে কালুরঘাট থেকে চাক্তাই পর্যন্ত আট কিলোমিটার চার লেনের সড়ক ও বাঁধ নির্মাণ করা হবে।
এই প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডই চাক্তাই খালের মুখের স্লুইস গেটটি নির্মাণ করছে।
