নিখোঁজ বিদেশি ক্যাপ্টেনের লাশ মিললো কর্ণফুলীতে
চট্টগ্রাম বন্দরের সাত নম্বর জেটিতে জাহাজ থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া বিদেশি ক্যাপ্টেনের লাশ উদ্ধার হয়েছে।
গ্রিসের নাগরিক মাকোপোলোস ভাসিলিয়স (৫৭) সাইপ্রাসের পতাকাবাহী এমভি ইভনিয়া জাহাজের ক্যাপ্টেন ছিলেন।
নিখোঁজ হওয়ার ৩৮ ঘণ্টা পর বুধবার সকালে বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) সংলগ্ন কর্ণফুলী নদীতে তার মরদেহ পাওয়া যায় বলে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আবদুল গাফফার জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্টিল পাইপ ও যন্ত্রপাতি নিয়ে চীন থেকে আসা এমভি ইভিনিয়া জাহাজটি সোমবার বন্দর জেটিতে ভিড়েছিল।
“ওই রাতেই জাহাজের ড্রাফট (জাহাজের পানির নিচের অংশের দৈর্ঘ্য) পরিমাপের জন্য ঝুলন্ত সিঁড়ি বেয়ে নিচে নামার সময় পা পিছলে কর্ণফুলী নদীতে পড়ে যান ক্যাপ্টেন।
“দুর্ঘটনার সময় কর্ণফুলী নদীতে ভাটা থাকায় জাহাজ থেকে নাবিকেরা বয়া ছুঁড়ে দিলেও তীব্র স্রোতের কারণে তা ক্যাপ্টেন ধরে রাখতে পারেননি।”
দুর্ঘটনার পরই নৌবাহিনী ও কোস্টগার্ড নিজস্ব জলযান নিয়ে এবং বন্দরের টাগবোট কান্ডারি- ১২ উদ্ধার অভিযান শুরু করে বলে জানান তিনি।
গাফফার বলেন, পরে বন্দর নিরাপত্তা ও মেরিন বিভাগের যৌথ তল্লাশি দল ক্যাপ্টেনের মরদেহের সন্ধান পায়।
বন্দরের সচিব ওমর ফারুক জানান, মরদেহের ময়নাতদন্ত করা হবে। তারপর যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
