‘বন্ধ করতে হবে পলিথিনের উৎস’
প্লাস্টিক আগ্রাসন ও পলিথিন কারখানা বন্ধের দাবি জানানো হয়েছে বিশ্ব পরিবেশ দিবসে চট্টগ্রামে আয়োজিত এক নাগরিক সমাবেশ থেকে।
মঙ্গলবার বিকালে নগরীর চেরাগী পাহাড় মোড়ে পিপল্স ভয়েস ও বাংলাদেশ রসায়ন সমিতি, চট্টগ্রাম অঞ্চল এই মানববন্ধন ও নাগরিক সমাবেশের আয়োজন করে।
পিপল্স ভয়েসের সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শরীফ চৌহান।
সমাবেশে খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সভাপতি একিউএম সিরাজুল ইসলাম বলেন, “প্লাস্টিকের আগ্রাসনের কারণে বিশ্বের চিত্র আজ ভয়াবহ। আমাদের সংসদে পলিথিন নিষিদ্ধের বিল পাস হয়েছে। কিন্তু আইন থেকে লাভ কী? এর প্রয়োগ তো দেখি না।
“সব জায়গায় এখন প্লাস্টিকের ব্যবহার। রাষ্ট্রকে এক্ষেত্রে সর্বাগ্রে উদ্যোগী হতে হবে। পাশাপাশি পলিথিন দূষণ বন্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে।”
বাংলাদেশ রসায়ন সমিতির চট্টগ্রাম আঞ্চলিক কমিটির যুগ্ম সম্পাদক মো. ইদ্রিস আলী বলেন, চট্টগ্রাম নগরীর ৬০ লাখ মানুষ যে পলিথিন ব্যবহার করে প্রায় পুরোটাই নালা-খাল হয়ে নদীতে পড়ছে।
“প্রাথমিকভাবে ক্ষতি কমাতে একই পলিথিন বা প্লাস্টিকের পুনঃব্যবহার করতে হবে। দীর্ঘ মেয়াদে এসব পণ্য ব্যবহার একেবারে বন্ধ করতে হবে।”
সভাপতির বক্তব্যে পিপল্স ভয়েসের সভাপতি শরীফ চৌহান বলেন, “উৎস বন্ধ না হলে পলিথিনের ব্যবহার বন্ধ করা যাবে না। দেশে এখনো শতাধিক পলিথিন কারখানা চালু আছে।
“সেসব কারখানা চালু রেখে শুধু আইন করে পলিথিনের ব্যবহার বন্ধ করা যাবে না। পাশাপাশি প্লাস্টিকের ব্যবহারের কারণে বাংলাদেশের কয়েকটি শ্রমনির্ভর জনগোষ্ঠী তাদের জীবিকা হারাতে বসেছে। প্লাস্টিক পরিবেশ দূষণ করে এবং কখনোই পচে না। তাই প্লাস্টিককে নিরূৎসাহিত করে আমাদের দেশিয় শিল্পগুলোকে বাঁচাতে হবে।”
“রাষ্ট্র পরিচালনাকারীদের এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তারা পলিথিন-প্লাস্টিকের পরিবর্তে পাট শিল্পকে বাঁচিয়ে রাখবেন কি না।”
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজনীতিবিদ হাসান মারুফ রুমি, সাংস্কৃতিক সংগঠক সুনীল ধর, সংগঠক সেলিম আকতার পিয়াল, ভ্রমণ বিষয়ক অনলাইন ট্র্যাভেলিং চট্টগ্রামের প্রধান সম্পাদক কাজী এ এম এম মমতাজুল ইসলাম, পটিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, খেলাঘর সংগঠক ইন্দিরা চৌধুরী, রুমা বিশ্বাস ও কাবেরী আইচ, পরিবেশ সংগঠক তপন দে প্রমুখ।
