২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি প্রতিষ্ঠানের সোয়া লাখ টাকা ছিনতাই

চট্টগ্রাম নগরীতে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মচারীকে মারধর করে এক লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2018, 07:43 PM

Updated : 08 Apr 2022, 06:29 PM

সোমবার বেলা সোয়া ১১টার দিকে পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের মারধরে আহত হয়েছেন বেসরকারি প্রতিষ্ঠান এফএমসি গ্রুপ অব কোম্পানির হিসাব নির্বাহী কে এস সরওয়ার মেহেদী।

এফএমসির ডিজিএম (এডমিন) উত্তম ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে মাঝিরঘাট নাহার বিল্ডিং এলাকায় তাজ করপোরেশন নামের প্রতিষ্ঠান থেকে টাকা দেওয়ার কথা ছিল।

“সকালে সেখানে গেলে মেহেদীকে আগ্রাবাদের সাউথ ইস্ট ব্যাংকে যেতে বলা হয় ওই প্রতিষ্ঠান থেকে। ব্যাংকে গেলে তাকে চার লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়।”

এর মধ্যে চার লাখ টাকার চারটি বান্ডেল একটি কাগজের প্যাকেটে এবং বাকি ২০ হাজার টাকা পকেটে নিয়ে রূপনগর কমিউনিটি সেন্টারসংলগ্ন এফএমসি কার্যালয়ের দিকে রওনা হন মেহেদী।

উত্তম ঘোষ বলেন, “আগ্রাবাদ থেকে বাসে চড়ে জিইসি মোড় আসেন মেহেদী। সেখান থেকে হেঁটে গোল পাহাড় মোড় হয়ে প্রবর্তক মোড় পর্যন্ত আসেন।

“এসময় সেখানকার ‘মিয়া বিবি’ নামের পোশাকের দোকানের সামনে ৪-৫ জন যুবক হঠাৎ মেহেদীকে ঘিরে ধরে মারধর শুরু করে। মেহেদী চিৎকার করলে তারা প্যাকেট থেকে পড়ে যাওয়া টাকার একটি বান্ডেল ও পকেটে থাকা ২০ হাজার টাকা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে পালিয়ে যায়।”

ছিনতাইকারীরা ভারি কিছু দিয়ে মেহেদীর মাথায় আঘাত করেছে বলে জানান উত্তম ঘোষ।

ঘটনার পর মেহেদী তার প্রতিষ্ঠানের কার্যালয়ে যান। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তার মাথায় ব্যান্ডেজ ও স্ক্যানিং করার পর হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরকম একটি ঘটনার বিষয়ে শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ নিয়ে আসেনি।”